পল্টন থেকে নর্থ সাউথ রোডে হকার বসা নিষেধ, কড়া অবস্থানে ডিএসসিসি
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১১ পিএম
ছবি: সংগৃহীত
রাজধানীর পল্টন মোড় থেকে গুলিস্তান জিরো পয়েন্ট হয়ে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়কে হকার বসা নিষিদ্ধ করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। নিষেধাজ্ঞা অমান্য করলে তাৎক্ষণিক আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে সংস্থাটি।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকালে হকারমুক্ত ঘোষিত এলাকা পরিদর্শনে গিয়ে ডিএসসিসি প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম এ ঘোষণা দেন।
তিনি বলেন, পল্টন মোড় থেকে গুলিস্তান জিরো পয়েন্ট হয়ে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়কে কোনোভাবেই হকার বসতে দেওয়া হবে না। কেউ নিষেধাজ্ঞা অমান্য করলে তার বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।
ডিএসসিসি প্রশাসক বলেন, হকার সংগঠনগুলোর প্রতিনিধিদের সঙ্গে একাধিকবার আলোচনা হয়েছে। তার দাবি, সংগঠনগুলোর প্রতিনিধিরা স্বেচ্ছায় মূল সড়ক ছেড়ে দেওয়ার অঙ্গীকারও করেছেন। নগরবাসীর চলাচলে স্বস্তি ফেরাতে সড়ক ও ফুটপাত দখলমুক্ত রাখতে সবার সহযোগিতা প্রয়োজন।
তবে রমনা ভবনসংলগ্ন পূর্ব পাশের ফুটপাতে সাধারণ মানুষের চলাচলের জায়গা রেখে নির্ধারিত স্থানে নিয়ম মেনে নিবন্ধিত নির্দিষ্টসংখ্যক হকার বসতে পারবেন। নির্ধারিত স্থান, সময়, সংখ্যা ও নিবন্ধনের বাইরে যত্রতত্র হকার বসে জনভোগান্তি তৈরি করলে কোনো ছাড় দেওয়া হবে না বলে সতর্ক করেন তিনি।
হকারদের নিবন্ধন ফি কমানোর দাবির বিষয়ে আবদুস সালাম বলেন, বিষয়টি ইতোমধ্যে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে জানানো হয়েছে। মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী এ বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
পরিদর্শনের সময় তিনি এক ঘণ্টারও বেশি সময় পল্টন মোড় থেকে গুলিস্তান জিরো পয়েন্ট পর্যন্ত সড়ক ও ফুটপাত দখলমুক্ত রাখার কার্যক্রম তদারকি করেন।
এ সময় ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. খয়বর রহমান, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমডোর মো. মাহাবুবুর রহমান তালুকদারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা ও হকার সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।