EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

মরিয়মের মৃত্যু: এমপি গাজী নজরুল ফের ৪ দিনের রিমান্ডে

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৭ পিএম

মরিয়মের মৃত্যু: এমপি গাজী নজরুল ফের ৪ দিনের রিমান্ডে

ছবি: সংগৃহীত

অ অ

দ্বিতীয় স্ত্রী মরিয়মকে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে করা মামলায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ফের চার দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। এর আগে একই মামলায় তাকে চার দিনের রিমান্ডে নেওয়া হয়েছিল।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রিপন হোসেনের আদালত শুনানি শেষে এ আদেশ দেন। চার দিনের রিমান্ড শেষে গাজী নজরুলকে আদালতে হাজির করে আরও সাত দিনের রিমান্ডের আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ডিবির পরিদর্শক মোহাম্মদ সালাউদ্দিন। শুনানি শেষে আদালত চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।

রিমান্ড আবেদনে তদন্ত কর্মকর্তা বলেন, জিজ্ঞাসাবাদে গাজী নজরুল জানিয়েছেন, মরিয়ম আবেগপ্রবণ ছিলেন এবং পারিবারিক বিভিন্ন সমস্যার কারণে তিনি আত্মহত্যা করেছেন। মামলার প্রকৃত ঘটনা উদ্ঘাটনে তাকে আরও জিজ্ঞাসাবাদ প্রয়োজন বলে আবেদনে উল্লেখ করা হয়।

রিমান্ডের বিরোধিতা করে আসামিপক্ষের আইনজীবীরা বলেন, গাজী নজরুল হৃদ্‌রোগে আক্রান্ত এবং তার শরীরে রিং বসানো রয়েছে। এ ছাড়া আগের চার দিনের রিমান্ডে মামলার তদন্তে উল্লেখযোগ্য অগ্রগতি হয়নি দাবি করে তারা জামিন আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত চার দিনের রিমান্ডের আদেশ দেন।

গত ২০ সেপ্টেম্বর সংসদ ভবনের বিপরীতে ন্যাম ভবনের একটি ফ্ল্যাট থেকে গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে ওই রাতেই গাজী নজরুল, তার প্রথম স্ত্রী মাকছুদা ইসলাম ও মরিয়মের মামা ওবায়দুর রহমানের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে মামলা করেন মরিয়মের বাবা এস এম মাসুম বিল্লাহ।

পরদিন আদালত গাজী নজরুলকে চার দিনের এবং মাকছুদা ইসলামকে এক দিনের রিমান্ড মঞ্জুর করেন। পরে মামলার তদন্তভার গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। মাকছুদা ও ওবায়দুর রহমানকে পরে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।

আরও পড়ুন