সেতুতে রডের বদলে বাঁশ! ভিডিও ভাইরালের পর এলজিইডির কার্যসহকারী বরখাস্ত
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩০ পিএম
ছবি: সংগৃহীত
টাঙ্গাইলের বাসাইলে নির্মাণাধীন একটি সেতুর ফুটপাতের স্লাব ঢালাইয়ে রডের পরিবর্তে বাঁশ ব্যবহারের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর এলজিইডির কার্যসহকারী হাসমত আলীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
বুধবার (২৩ সেপ্টেম্বর) এলজিইডির প্রধান প্রকৌশলী বেলাল হোসেন স্বাক্ষরিত এক অফিস আদেশে তাকে সাময়িক বরখাস্তের কথা জানানো হয়। আদেশে বলা হয়েছে, নির্ধারিত নির্মাণসামগ্রীর পরিবর্তে বাঁশ ব্যবহার করায় সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। অসদাচরণ ও দুর্নীতিপরায়ণতার অভিযোগে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালার সংশ্লিষ্ট ধারায় তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তবে বরখাস্তকালীন তিনি বিধি অনুযায়ী ভরণপোষণ ভাতা পাবেন।
এলজিইডি সূত্রে জানা গেছে, গ্রামীণ সেতু নির্মাণ প্রকল্পের আওতায় বাসাইল পৌরসভার মাইজখাড়া এলাকায় মরাগাঙ্গী নদীর ওপর সেতুটি নির্মাণ করা হচ্ছে। বাসাইল জিসি-কাউলজানী ইউনিয়ন পরিষদ সড়ক হয়ে মাইজখাড়া জিপিএস সড়কের অংশ হিসেবে নির্মাণাধীন সেতুটির দৈর্ঘ্য ৯০ দশমিক ০৬ মিটার। এতে ব্যয় ধরা হয়েছে প্রায় ১০ কোটি ৯ লাখ ৯২ হাজার টাকা।
মেসার্স ইউনুছ আল মামুন ও মেসার্স জাকির এন্টারপ্রাইজ নামের যৌথ ঠিকাদারি প্রতিষ্ঠান সেতুটির নির্মাণকাজ করছে। ২০২২ সালের সেপ্টেম্বরে কাজ শুরু হয়। চলতি বছরের ফেব্রুয়ারিতে কাজ শেষ হওয়ার কথা থাকলেও নির্ধারিত সময়ে শেষ না হওয়ায় প্রকল্পের মেয়াদ বাড়ানো হয়। বর্তমানে সেতুটির প্রায় ৮০ শতাংশ কাজ শেষ হয়েছে।
সম্প্রতি সেতুর ফুটপাতের স্লাব ঢালাইয়ে রডের বদলে বাঁশ ব্যবহারের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে ব্যাপক সমালোচনা শুরু হয়। এর আগে গত রবিবার রাতে স্থানীয় বাসিন্দারা বাঁশ দিয়ে ঢালাই দেওয়ার কাজ দেখতে পেয়ে বাধা দেন।
খবর পেয়ে উপজেলা প্রশাসন ও প্রকৌশল বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে বিষয়টি নিয়ে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয় এবং কার্যসহকারী হাসমত আলীকে সাময়িক বরখাস্ত করা হয়।
ঘটনাটি নিয়ে সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হবে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি।
