প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী
এক কোটি দক্ষ জনশক্তি বিদেশে পাঠাতে কাজ করছে সরকার
ডেইলি সান রিপোর্ট, গোপালগঞ্জ
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৭ পিএম
গোপালগঞ্জ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শনকালে প্রতিমন্ত্রী মো. নুরুল হক।
দেশের বিশাল জনসংখ্যাকে উপযুক্ত প্রশিক্ষণ ও দক্ষতার মাধ্যমে জনসম্পদে রূপান্তর করতে সরকার নিরলসভাবে কাজ করছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নূরুল হক। তিনি বলেন, সরকারের লক্ষ্য অনুযায়ী এক কোটি দক্ষ জনশক্তি বিদেশে পাঠাতে মন্ত্রণালয় কাজ করছে।
বুধবার দুপুরে গোপালগঞ্জ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শনকালে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, কোন দেশে কোন ধরনের কাজের সুযোগ রয়েছে তা চিহ্নিত করে সেই অনুযায়ী কর্মী পাঠানো এবং সংশ্লিষ্ট দেশের চাহিদা অনুযায়ী কর্মীদের প্রস্তুত করা হচ্ছে।
দালালদের দৌরাত্ম্য প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, বিদেশে যেতে গিয়ে অনেকে দালালদের খপ্পরে পড়ে প্রতারিত হন। আমলাতান্ত্রিক জটিলতা কমিয়ে প্রবাসী কর্মীদের বিদেশগমন প্রক্রিয়া সহজ করার কাজ চলছে।
তিনি বলেন, দালালদের দৌরাত্ম্য বন্ধে বিএমইটির কার্যক্রম অনলাইনের আওতায় আনা হচ্ছে এবং এজেন্সিগুলোকে জবাবদিহিতার মধ্যে আনতে বিভিন্ন এলাকায় স্বীকৃত সাব-এজেন্সি দেওয়ার সুযোগ রাখা হবে বলে জানান তিনি।
এ সময় জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামান, পুলিশ সুপার মো. হাবীবুল্লাহসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও গণঅধিকার পরিষদের স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বিকেলে প্রতিমন্ত্রী গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন। এ সময় বিশ্ববিদ্যালয় প্রশাসন ও ছাত্র অধিকার পরিষদের বিশ্ববিদ্যালয় শাখার নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।