জ্বালানির দাম বাড়লেও আপাতত বাড়ছে না ট্রেনের ভাড়া
ডেইলি সান রিপোর্ট
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০২ পিএম
ফাইল ছবি
জ্বালানি তেলের দাম বাড়লেও আপাতত ট্রেনের ভাড়া বাড়ানো হচ্ছে না বলে জানিয়েছেন রেলমন্ত্রী শেখ রবিউল আলম। তবে জ্বালানির দাম বাড়ায় রেলের লোকসান আরও বাড়ার আশঙ্কায় ভাড়া সমন্বয়ের জন্য মন্ত্রণালয় থেকে চাপ রয়েছে বলেও জানান তিনি।
বুধবার (২৩ সেপ্টেম্বর) সচিবালয়ে লঞ্চ মালিকদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।
শেখ রবিউল আলম বলেন, ডিজেলের দাম ১৫ টাকা বাড়ার সময়ও রেলের ভাড়া বাড়ানো হয়নি। এবার জ্বালানির দাম আরও ২০ টাকা বেড়েছে। এ কারণে রেলের ভাড়া বাড়ানোর জন্য মন্ত্রণালয় থেকে চাপ রয়েছে।
তবে আপাতত ভাড়া না বাড়িয়ে ব্যয় সমন্বয়ের চেষ্টা করা হচ্ছে জানিয়ে মন্ত্রী বলেন, রেলের সংশ্লিষ্টদের সর্বোচ্চ চেষ্টা করে ব্যয় সামলানোর নির্দেশ দেওয়া হয়েছে। পরিস্থিতি এমন পর্যায়ে গেলে যে ভাড়া না বাড়িয়ে রেল পরিচালনা করা অসম্ভব হয়ে পড়ে, তখন যৌক্তিকভাবে ভাড়া বাড়ানোর বিষয়টি বিবেচনা করা হবে।
রেলের ব্যয় প্রসঙ্গে তিনি বলেন, বেতন, জ্বালানি ও রক্ষণাবেক্ষণসহ বিভিন্ন খাতে নিয়মিত ব্যয় রয়েছে। সরকার দীর্ঘদিন বড় অঙ্কের ভর্তুকি দিয়ে রেল পরিচালনা করতে পারবে না।
তিনি বলেন, আমরা সর্বোচ্চ চেষ্টা করছি ভাড়া না বাড়ানোর। একান্তই বাড়াতে হলে তা যৌক্তিকভাবে বাড়ানো হবে এবং সবাইকে জানানো হবে। আপাতত রেলের ভাড়া অপরিবর্তিতই থাকছে।
আরও পড়ুন
