কপ-৩১ সামনে রেখে বাংলাদেশের প্রস্তুতি এগিয়ে নিতে বৈঠক
আগামী ৯ থেকে ২০ নভেম্বর তুরস্কের আনতালিয়ায় কপ-৩১ অনুষ্ঠিত হবে
ডেইলি সান রিপোর্ট
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৮ পিএম
ছবি: সংগৃহীত
কপ-৩১ সম্মেলনে বাংলাদেশের কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করতে কারিগরি সমন্বয় কমিটির দ্বিতীয় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সম্মেলনে বাংলাদেশের অবস্থান নির্ধারণ, প্যাভিলিয়ন, সাইড ইভেন্ট ও প্রতিনিধিদলের অংশগ্রহণসহ সার্বিক প্রস্তুতি নিয়ে আলোচনা করা হয়।
বুধবার (২৩ সেপ্টেম্বর) পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ড. ফাহমিদা খানম।
আগামী ৯ থেকে ২০ নভেম্বর তুরস্কের আনতালিয়ায় কপ-৩১ অনুষ্ঠিত হবে। সম্মেলনে বাংলাদেশের স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো তুলে ধরতে ইউএনএফসিসিসির আলোচ্যসূচি অনুযায়ী দেশের পজিশন পেপার চূড়ান্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি ন্যায্য রূপান্তর, কার্বন বর্ডার অ্যাডজাস্টমেন্ট মেকানিজম (সিবিএএম), আঞ্চলিক সহযোগিতা ও আগাম সতর্কীকরণ ব্যবস্থা নিয়ে কারিগরি প্রতিবেদন তৈরির বিষয়েও আলোচনা হয়।
কপ-৩১ সম্মেলনে বাংলাদেশের প্যাভিলিয়নে জলবায়ু ঝুঁকি ও অভিযোজন অভিজ্ঞতা, এনডিসি ৩.০, জাতীয় অভিযোজন পরিকল্পনা, জলবায়ু অর্থায়ন, ক্ষয়ক্ষতি, নবায়নযোগ্য জ্বালানি, কার্বন বাজার ও প্রকৃতিনির্ভর সমাধান তুলে ধরার পরিকল্পনা রয়েছে। এ ছাড়া সাইড ইভেন্ট আয়োজন ও প্যাভিলিয়নের প্রস্তুতিও এগিয়ে নেওয়া হচ্ছে।
সভায় মূল জলবায়ু আলোচনায় বিষয়ভিত্তিক প্রতিনিধিত্ব নিশ্চিত করা এবং নতুন ও তরুণ কর্মকর্তাদের সম্পৃক্ত করার ওপর গুরুত্ব দেওয়া হয়। প্রতিনিধিদলের নিবন্ধন, ভিসা, যাতায়াত ও আবাসনসহ প্রয়োজনীয় প্রস্তুতি নিয়েও আলোচনা হয়।
উল্লেখ্য, কপ-৩১-এর প্রস্তুতি সমন্বয়ে গত ১৮ আগস্ট একটি কারিগরি সমন্বয় কমিটি ও তিনটি উপকমিটি গঠন করে পরিবেশ মন্ত্রণালয়। সভায় এসব কমিটির কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা করা হয়। কপ-৩১-এর অংশ হিসেবে ১১ ও ১২ নভেম্বর বিশ্বনেতাদের শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।