মুকসুদপুরে বাস-কন্টেইনারের মুখোমুখি সংঘর্ষ, প্রাণ গেল পথচারীর
ডেইলি সান রিপোর্ট, গোপালগঞ্জ
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৯ পিএম
ছবি: সংগৃহীত
গোপালগঞ্জের মুকসুদপুরে বাস ও কন্টেইনারের মুখোমুখি সংঘর্ষে আকরাম বিশ্বাস (৫০) নামে এক পথচারী নিহত হয়েছেন।
বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে ঢাকা-খুলনা মহাসড়কের মুকসুদপুর উপজেলার গেড়াখোলা ব্রিজসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ঢাকাগামী ওয়েলকাম পরিবহনের একটি বাসের সঙ্গে গোপালগঞ্জগামী একটি কন্টেইনারের মুখোমুখি সংঘর্ষ হলে সড়কের পাশে থাকা আকরাম বিশ্বাস গুরুতর আহত হন।
পরে স্থানীয় লোকজন তাকে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তিনি মারা যান।
নিহত আকরাম বিশ্বাস মুকসুদপুর উপজেলার সালিনাবক্সা গ্রামের হাসেম বিশ্বাসের ছেলে।
মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বাস ও কন্টেইনারের সংঘর্ষে একজন পথচারী নিহত হয়েছেন। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।