জলবায়ু পরিবর্তন নতুন স্বাস্থ্যঝুঁকি তৈরি করছে: পরিবেশমন্ত্রী
ডেইলি সান রিপোর্ট
প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৪ পিএম
ছবি সংগৃহীত
পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু বলেছেন, মানুষ ও প্রাণীর স্বাস্থ্য, প্রতিবেশ ও পরিবেশ পরস্পরের সঙ্গে গভীরভাবে সম্পর্কিত। জলবায়ু পরিবর্তন, পরিবেশের অবক্ষয় ও জীববৈচিত্র্যের ক্ষতি নতুন নতুন স্বাস্থ্যঝুঁকি তৈরি করছে। তাই ওয়ান হেলথ শুধু স্বাস্থ্য খাতের কর্মসূচি নয়; স্বাস্থ্য নিরাপত্তা, পরিবেশগত স্থায়িত্ব, খাদ্যনিরাপত্তা, সহনশীল জীবিকা ও টেকসই উন্নয়নকে একসূত্রে যুক্ত করার সমন্বিত পদ্ধতি।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) ইতালির রাজধানী রোমে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) প্লেনারি হলে ‘ওয়ান হেলথ ফর এ বেটার লাইফ’ শীর্ষক অধিবেশনে মূল বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বাংলাদেশের উদ্যোগ তুলে ধরে মন্ত্রী বলেন, ২০১২ সালের জাতীয় ওয়ান হেলথ কৌশলগত কাঠামোর ধারাবাহিকতায় তৃতীয় ওয়ান হেলথ কৌশলগত কাঠামো ২০২৫–২০৩০ প্রণয়ন করা হয়েছে। আন্তঃমন্ত্রণালয় সমন্বয় ব্যবস্থা ও ওয়ান হেলথ সেক্রেটারিয়েট বিভিন্ন খাতের মধ্যে সহযোগিতা, তথ্য বিনিময় ও সমন্বিত পদক্ষেপে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
এভিয়ান ইনফ্লুয়েঞ্জা ও কোভিড-১৯ মহামারির অভিজ্ঞতা তুলে ধরে মন্ত্রী বলেন, প্রস্তুতি কোনো চূড়ান্ত গন্তব্য নয়; পরিবর্তনশীল ঝুঁকির সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে। এ জন্য সমন্বিত নজরদারি, আগাম সতর্কতা, জৈবনিরাপত্তা এবং পরীক্ষাগার ও মাঠপর্যায়ের সক্ষমতা বাড়ানো প্রয়োজন।
প্যানেল আলোচনায় বিভিন্ন দেশের মন্ত্রী, সরকারি কর্মকর্তা ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা অংশ নেন। এ সময় ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এ. টি. এম. রকিবুল হকসহ বিভিন্ন দেশের প্রতিনিধি, পর্যবেক্ষক ও বিশেষজ্ঞরা উপস্থিত ছিলেন।