বাগেরহাটে সর্বজনীন কালী মন্দিরের প্রতিমা ভাঙচুর
ডেইলি সান রিপোর্ট, বাগেরহাট
প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪২ পিএম
ছবি: ডেইলি সান
বাগেরহাট সদর উপজেলার খাড়াসম্বল গ্রামের দক্ষিণপাড়া সর্বজনীন শ্রীশ্রী কালী মন্দিরে প্রতিমা ভাঙচুরের এ ঘটনা ঘটেছে।
সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুরে পূজার আয়োজনের প্রস্তুতি নিতে স্থানীয়রা মন্দিরে গিয়ে প্রতিমা ভাঙচুর করে ফেলে রাখা হয়েছে এমন অবস্থা দেখতে পান। খবর পেয়ে ওই দিন সন্ধ্যায় বাগেরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। তবে মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেল পর্যন্ত প্রতিমা ভাঙচুরের সঙ্গে জড়িত কাউকে শনাক্ত বা আটক করা যায়নি।
খাড়াসম্বল দক্ষিণপাড়া সর্বজনীন শ্রীশ্রী কালী মন্দিরের সাধারণ সম্পাদক সর্বজিৎ হালাদার জানান, প্রতি মঙ্গলবার তাদের মন্দিরে কালীপূজা অনুষ্ঠিত হয়। পূজার আয়োজনের প্রস্তুতির জন্য তাদের পরিবারের দুই সদস্য সোমবার দুপুরের দিকে মন্দিরে যান। সেখানে গিয়ে তারা দেখতে পান, মা কালীর প্রতিমাটি বিভিন্নভাবে ভাঙচুর করা হয়েছে। এমনকি প্রতিমার মাথাও কেটে ফেলা হয়েছে।
খবর পেয়ে দ্রুত তাদের লোকজন মন্দিরে গিয়ে ভাঙচুর করা অবস্থায় প্রতিমাটি পড়ে থাকতে দেখেন। কে বা কারা প্রতিমাটি ভাঙচুর করেছে, তা তিনি বলতে পারেননি।
বাগেরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহনাজ পারভীন বীথি জানান, খবর পেয়ে তিনি মন্দিরটি পরিদর্শন করেছেন। মন্দিরটির দরজা-জানালা খোলা ছিল এবং এটি সুরক্ষিত নয়। ওই এলাকা হিন্দু অধ্যুষিত হলেও মন্দিরের কাছাকাছি মানুষের বাড়িঘর নেই। মন্দির কমিটির পক্ষ থেকে কারও বিরুদ্ধে অভিযোগ নেই। কারও সংশ্লিষ্টতা পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে।
বাগেরহাট সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সামসুল আরেফিন জানান, খবর পেয়ে মন্দিরটি পরিদর্শন করা হয়েছে। কে বা কারা প্রতিমাটি ভাঙচুর করেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। মন্দির কমিটির পক্ষ থেকে থানায় কোনো লিখিত অভিযোগ দেওয়া হয়নি। পুলিশ বিষয়টি তদন্ত করছে।
