মুকসুদপুরে গাছের সঙ্গে ট্রাকের ধাক্কা, চালক নিহত
ডেইলি সান রিপোর্ট, গোপালগঞ্জ
প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৭ পিএম
ছবি: সংগৃহীত
গোপালগঞ্জের মুকসুদপুরে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কা লেগে খাদে পড়ে একটি ট্রাক। এতে চালক সুবল দাস (৩৫) নিহত হয়েছেন।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকালে ঢাকা-খুলনা মহাসড়কের মুকসুদপুর উপজেলার দক্ষিণ চণ্ডীবর্দী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা থেকে গোপালগঞ্জগামী ট্রাকটি (ঢাকা মেট্রো-গ ১২-২৪১২) দক্ষিণ চণ্ডীবর্দী এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান। এ সময় ট্রাকটি সড়কের পাশের একটি গাছের সঙ্গে ধাক্কা খেয়ে খাদে পড়ে যায়।
খবর পেয়ে মুকসুদপুর ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আহত চালক সুবল দাসকে উদ্ধার করে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত সুবল দাস সাতক্ষীরা জেলার ইটাগাছা গ্রামের প্রদীপ দাসের ছেলে।
মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আল-মামুন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।