EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

চাঁদা না পেয়ে ব্যবসায়ীর শরীরে আগুন দেওয়ার চেষ্টা, গ্রেপ্তার

ডেইলি সান রিপোর্ট, লক্ষ্মীপুর

প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৫ পিএম

চাঁদা না পেয়ে ব্যবসায়ীর শরীরে আগুন দেওয়ার চেষ্টা, গ্রেপ্তার
অ অ

লক্ষ্মীপুর সদর উপজেলায় চাঁদা না দেওয়ায় এক ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে হত্যাচেষ্টার অভিযোগে করা মামলার এজাহারনামীয় এক আসামিকে গ্রেপ্তার করেছে এসআরবি-১১, সিপিসি-৩, নোয়াখালী। 

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেলে সদর মডেল থানার ব্রাদার্স এলপিজি ফিলিং স্টেশনের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তির নাম মো. শাকিল ওরফে মোবারক হোসেন (২৫)। তিনি লক্ষ্মীপুর সদর উপজেলার ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।

এসআরবির প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, মামলার বাদী মো. শাহেদ আলম (৩২) ব্যবসা করেন। আসামিরা বিভিন্ন সময় তার ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে চাঁদা আদায় করতেন বলে অভিযোগ করা হয়েছে।

মামলার এজাহার অনুযায়ী, গত ৮ সেপ্টেম্বর দুপুরে শাকিলসহ কয়েকজন শাহেদ আলমের ব্যবসাপ্রতিষ্ঠানে গিয়ে চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তারা ক্ষিপ্ত হন। পরে শাকিলসহ অন্যরা আবার ব্যবসাপ্রতিষ্ঠানে গিয়ে শাহেদ আলমের শরীর ও দোকানে পেট্রোল ছিটিয়ে আগুন ধরিয়ে দেওয়ার চেষ্টা করেন বলে অভিযোগ করা হয়।

এ সময় শাহেদ আলমের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে আসামিরা পালিয়ে যান। পরে তারা আবার দোকানে গিয়ে দুই লাখ টাকা চাঁদা দাবি করেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এক পর্যায়ে শাকিল তার হাতে থাকা ছুরি দিয়ে মামলার সাক্ষী মো. সোহাগের পেটে আঘাত করেন বলে অভিযোগ করা হয়েছে। এতে সোহাগ গুরুতর আহত হন। পরে তাকে গলা টিপে হত্যারও চেষ্টা করা হয় বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

এ ঘটনায় শাহেদ আলম লক্ষ্মীপুর সদর থানায় মামলা করেন। মামলার পর জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারি শুরু করে এসআরবি-১১, সিপিসি-৩।

এসআরবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মঙ্গলবার বিকেল সাড়ে চারটার দিকে সদর মডেল থানাধীন ব্রাদার্স এলপিজি ফিলিং স্টেশনের সামনে পাকা সড়ক থেকে শাকিল ওরফে মোবারক হোসেনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার শাকিলের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নিতে তাকে লক্ষ্মীপুর সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। 

আরও পড়ুন