মণিরামপুরে ১৬ জলাশয়ে ৩৪৫ কেজি পোনামাছ অবমুক্ত
ডেইলি সান রিপোর্ট, যশোর
প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৪ পিএম
ছবি: সংগৃহীত
অভ্যন্তরীণ জলাভূমিতে মাছের উৎপাদন বাড়িয়ে আমিষের চাহিদা পূরণের লক্ষ্যে যশোরের মণিরামপুরে বিভিন্ন জলাশয়ে পোনামাছ অবমুক্ত করা হয়েছে। উপজেলা মৎস্য অধিদপ্তরের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
সোমবার (২১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা পরিষদের পুকুরে পোনামাছ অবমুক্তের মধ্য দিয়ে কর্মসূচির উদ্বোধন করা হয়।
উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সেলিম রেজার সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মফিজুর রহমান, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল হাই, উপজেলা জামায়াতের আমির সহকারী অধ্যাপক ফজলুল হক, পৌর আমির সহকারী অধ্যাপক আব্দুল বারী, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক শামছুজ্জামান শান্ত, সাংগঠনিক সম্পাদক খান শফিয়ার রহমান, সন্তোষ স্বর, বীর মুক্তিযোদ্ধা খান আকতার হোসেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. তৌহিদুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা (ভারপ্রাপ্ত) যুনায়িদ হাবিব, সমাজসেবা কর্মকর্তা আলমগীর হোসেন, সমবায় কর্মকর্তা রনজিত কুমার দাস, নির্বাচন কর্মকর্তা কামরুজ্জামান এবং গ্রাম আদালতের কো-অর্ডিনেটর অনুপম ঘোষসহ অনেকে।
উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সেলিম রেজা জানান, উপজেলা পরিষদের পুকুরে পোনা অবমুক্তের পর হরিহর নদ, ঢাকুরিয়ার মানুষমারা বিলসহ উপজেলার ১৬টি জলাশয়ে বিভিন্ন প্রজাতির মোট ৩৪৫ কেজি পোনামাছ অবমুক্ত করা হয়েছে।
তিনি বলেন, অভ্যন্তরীণ জলাভূমিতে মাছের উৎপাদন বাড়ানো এবং স্থানীয়ভাবে মাছের প্রাপ্যতা বৃদ্ধির লক্ষ্যেই এ কর্মসূচি নেওয়া হয়েছে।