আশুলিয়া অগ্নিকাণ্ডে আহতদের সুচিকিৎসার নির্দেশ স্থানীয় সরকারমন্ত্রীর
ডেইলি সান রিপোর্ট
প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৪ পিএম
ছবি: সংগৃহীত
ঢাকার আশুলিয়ার প্রীতি কম্পোজিট টেক্সটাইল লিমিটেডের চত্বরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে হতাহতদের খোঁজখবর নিতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান। এ সময় অগ্নিকাণ্ডে নিহত নজরুল ইসলামের পরিবারের হাতে সরকারের পক্ষ থেকে ৫০ হাজার টাকা আর্থিক সহায়তা তুলে দেন তিনি
সোমবার (২১ সেপ্টেম্বর) দুই হাসপাতাল পরিদর্শন করে চিকিৎসাধীন আহতদের খোঁজখবর নেন স্থানীয় সরকারমন্ত্রী। তিনি আহতদের পরিবারের সদস্যদের সঙ্গেও কথা বলেন। এ সময় অগ্নিকাণ্ডে নিহত নজরুল ইসলামের পরিবারের হাতে সরকারের পক্ষ থেকে ৫০ হাজার টাকা আর্থিক সহায়তা তুলে দেন তিনি। এ সময় শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী উপস্থিত ছিলেন।
স্থানীয় সরকারমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী জরুরি ভিত্তিতে অগ্নিকাণ্ডে হতাহতদের খোঁজখবর নিতে তারা হাসপাতালে এসেছেন। প্রধানমন্ত্রী জাতিসংঘের ৮১তম অধিবেশনে অংশ নিতে যাত্রার আগে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাঁকে এ বিষয়ে তাৎক্ষণিক নির্দেশনা দেন।
ড. আবদুল মঈন খান বলেন, সরকার এ কঠিন সময়ে নিহত ও আহতদের পরিবারের পাশে রয়েছে। আহতদের প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সরকারের পক্ষ থেকে আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে।
তিনি আরও বলেন, দুর্ঘটনায় যারা স্বজন হারিয়েছেন, তাদের প্রতি আমরা গভীর সমবেদনা জানাই। আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি। এ ধরনের দুর্ঘটনা প্রতিরোধে সংশ্লিষ্ট সবাইকে আরও সতর্ক ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
এ সময় শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, আশুলিয়ার অগ্নিকাণ্ডে হতাহতদের পাশে সরকার রয়েছে। আহতদের সুচিকিৎসা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে। নিহত ও আহতদের পরিবারকে সরকারের পক্ষ থেকে ৫০ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে।