রাবি শিক্ষার্থীকে মারধরের ঘটনায় আনসার জড়িত নয়
ডেইলি সান রিপোর্ট, রাজশাহী
প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৬ এএম
ছবি: সংগৃহীত
রাজশাহী রেলওয়ে স্টেশনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের ঘটনায় আনসার সদস্যদের কোনো সম্পৃক্ততা নেই বলে জানিয়েছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী।
সোমবার (২১ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাহিনীর পক্ষ থেকে বলা হয়, সম্প্রতি রাজশাহী রেলওয়ে স্টেশনে শিক্ষার্থীকে মারধরের ঘটনায় আনসার সদস্যদের সম্পৃক্ততার তথ্য সঠিক নয় এবং তা প্রকৃত ঘটনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার রাত আনুমানিক ১১টার দিকে রাজশাহী রেলওয়ে স্টেশনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর সঙ্গে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) সদস্যদের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। এর প্রতিবাদে পরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মানববন্ধন, বিক্ষোভ ও বিভিন্ন স্লোগান দেন।
এ সময় রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সদস্যদের রাতের পোশাক আনসার সদস্যদের পোশাকের সঙ্গে সাদৃশ্যপূর্ণ হওয়ায় কিছু শিক্ষার্থী ভুলবশত তাদের আনসার সদস্য হিসেবে উল্লেখ করে স্লোগান দেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
পরবর্তীতে শিক্ষার্থীরা জানতে পারেন, সংশ্লিষ্ট ব্যক্তিরা আনসার সদস্য নন, তারা রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সদস্য।
একই ঘটনায় রেলওয়ে কর্তৃপক্ষের দপ্তরাদেশ অনুযায়ী, আরএনবির চার সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে বলেও জানায় আনসার বাহিনী।
বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজশাহী রেলওয়ে স্টেশনে রাবি শিক্ষার্থীকে মারধরের ঘটনায় কোনো আনসার সদস্যের সম্পৃক্ততা নেই। তাই প্রকৃত তথ্য যাচাই না করে এ ঘটনায় আনসার সদস্যদের সম্পৃক্ত হিসেবে উপস্থাপন করা বিভ্রান্তিকর। এতে একটি সুশৃঙ্খল ও দায়িত্বশীল বাহিনীর ভাবমূর্তি অযাচিতভাবে ক্ষুণ্ন হওয়ার আশঙ্কা রয়েছে।
এ ঘটনায় সংশ্লিষ্ট সংবাদমাধ্যমসহ সবাইকে প্রকৃত তথ্য যাচাই করে সংবাদ প্রকাশের অনুরোধ জানিয়েছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। একই সঙ্গে প্রকাশিত প্রতিবেদনে আনসার সদস্যদের সম্পৃক্ততার বিষয়ে প্রয়োজনীয় সংশোধনী প্রকাশের আহ্বান জানিয়েছে বাহিনী।