কর্ণফুলী নদীতে গোসলে নেমে চবি শিক্ষার্থীর মৃত্যু
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৫ পিএম
ছবি: প্রতীকী ছবি, সংগৃহীত
রাঙামাটির কাপ্তাই উপজেলায় কর্ণফুলী নদীতে গোসল করতে নেমে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। রবিবার (২০ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার সীতা পাহাড় এলাকার পাথরঘাটায় এ ঘটনা ঘটেছে।
মারা যাওয়া সাজিদ শাহরিয়ার সানম (২৪) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বিভাগের শেষ বর্ষের শিক্ষার্থী ছিলেন। তিনি নরসিংদী জেলার রায়পুরা থানার মামুদপুর এলাকার বাসিন্দা অবসরপ্রাপ্ত এএসপি মো. নাছির উদ্দিনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, কাপ্তাইয়ের সীতা পাহাড় এলাকায় ঢাকা ও নরসিংদী থেকে ১২ জনের একটি পর্যটক দল বেড়াতে আসে। দুপুরে বেড়ানো শেষে দলটির কয়েকজন কর্ণফুলী নদীর পাথরঘাটা এলাকায় গোসল করতে নামেন। পানিতে নামার পর সাজিদ নিখোঁজ হন।
কাপ্তাই ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার মো. শাহাদাত হোসেন ঘটনাটি নিশ্চিত করে জানান, খবর পেয়ে দুপুর দেড়টার দিকে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী ও ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে অভিযান শুরু করে। কর্ণফুলী নদীতে স্রোত বেশি থাকায় উদ্ধারকাজে কিছুটা বেগ পেতে হয়।
পরবর্তীতে অভিযানে রাঙামাটি থেকে একটি ডুবুরি দল এবং কাপ্তাই নৌবাহিনীর ঘাঁটি শহীদ মোয়াজ্জেমের ডুবুরি দলও যোগ দেয়। উদ্ধারকাজে সহযোগিতা করে কাপ্তাই থানা পুলিশ।
শেষপর্যন্ত বিকেলে নিখোঁজ হওয়ার স্থান থেকে প্রায় ৪০ ফুট দূরে নদীতেই সাজিদের মরদেহ পাওয়া যায়। এরপর মরদেহটি কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।
খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রায়হানুল ইসলাম ও কাপ্তাই থানার ওসি শেখ মো. মাহমুদুল হাসান রুবেল। এ সময় কাপ্তাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান দিলদার হোসেনসহ স্থানীয়রা উপস্থিত ছিলেন।
এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মো. মাহমুদুল হাসান রুবেল।