অপ্রতিম হত্যা: গ্রেপ্তার ৪ আসামি আদালতে
অপ্রতিম হত্যা মামলার আসামিরা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে সম্মত হয়েছেন
ডেইলি সান রিপোর্ট
প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১২ পিএম
অপ্রতিম হত্যা মামলায় গ্রেপ্তার চারজনকে আদালতে হাজির করেছে পুলিশ।
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্র সন্তান ইশায়াত শাহরিয়ার অপ্রতিম হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার চার আসামিকে আদালতে সোপর্দ করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন—সাইফুল ইসলাম তুহিন, মোজাম্মেল হোসেন ফাহাদ, মো. কামরুল হাসান এবং সিয়াম।
রবিবার (২০ সেপ্টেম্বর) কুমিল্লা দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) কাইমুল হক রিংকু জানিয়েছেন, অপ্রতিম হত্যা মামলার আসামিরা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে সম্মত হয়েছেন।
পিপি জানান, নিয়ম অনুযায়ী ম্যাজিস্ট্রেট আসামিদের চিন্তার জন্য তিন ঘণ্টা সময় দিয়েছেন। এরপর জবানবন্দি রেকর্ড করা হবে।
পিপি আরও জানান, এটি একটি অত্যন্ত রোমহর্ষক ও হৃদয়বিদারক হত্যাকাণ্ড যা সারা দেশকে নাড়া দিয়েছে। আসামিরা আইনি সহায়তা পাওয়ার অধিকার রাখলেও এখন পর্যন্ত কুমিল্লা বারের কোনো আইনজীবী তাদের পক্ষে বা বিপক্ষে কোনো ওকালতনামা বা দরখাস্ত দেননি।
পুলিশের সংবাদ সম্মেলনে জানানো হয়, গত ১৮ সেপ্টেম্বর শুক্রবার বিকেল ৩টা ১৫ মিনিটে সাইফুল ইসলাম তুহিন অপ্রতিমকে সঙ্গে নিয়ে লালমাই পাহাড়ের সানন্দা এলাকার একটি নির্জন জঙ্গলে যান। অপ্রতিমের ব্যবহৃত আইফোন ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যেই তাঁকে কৌশলে সেখানে নেওয়া হয়েছিল বলে পুলিশ জানায়।