মেঘনা নদীতে ডুবে যমজ ভাইসহ তিন স্কুলছাত্রের মৃত্যু
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৬ পিএম
ছবি: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেঘনা নদীতে গোসলে নেমে নিখোঁজ তিন কিশোরের মৃতদেহ উদ্ধার হয়েছে। সংগৃহীত
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেঘনা নদীতে গোসলে নেমে নিখোঁজ তিন কিশোরের মধ্যে দুই জনের মৃতদেহ উদ্ধার হয়েছে। নিহত দুইজনই আপন ভাই। পরবর্তীতে বিকেল ৫টায় নিখোঁজ অপর কিশোরেরও মরদেহ উদ্ধার হয়েছে। রবিবার (২০ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার ভাটিবন্দর বালুরমাঠ এলাকায় মেঘনা নদীতে এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুই ভাই আসেকিন (১৫) ও আরেফিন (১৫) সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের বাড়িমজলিশ এলাকার মোহাম্মদ ফারুকের যমজ ছেলে। নিহত অপর শিক্ষার্থী আবির (১৪) একই এলাকার আব্দুল আলিমের ছেলে। তারা সবাই মোগরাপাড়া এইচ.জি.জি.এস. স্মৃতি সরকারি বিদ্যালয়ের শিক্ষার্থী।
আসেকিন ও আরেফিন ৯ম শ্রেণির এবং আবির ৮ম শ্রেণির শিক্ষার্থী ছিল।
স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, সকালে চার বন্ধু বাড়ি থেকে বের হয় স্কুলে যাওয়ার কথা বলে। কিন্তু স্কুলে না গিয়ে তারা গোসল করতে মেঘনা নদীতে নামে। গোসলের একপর্যায়ে একজন নদী থেকে উঠে আসে। তবে বাকি তিনজন তীব্র স্রোতে তলিয়ে যায়।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে ঢাকা থেকে আসা ডুবুরি দল। বিকেল ৩টা ২৫ মিনিটে নিখোঁজ ৩ জনের মধ্যে যমজ দুই ভাই আসেকিন ও আরেফিনের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস। পরে
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন বিষয়টি নিশ্চিত করে জানান, নিখোঁজ ৩ জনের মরাদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।