EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

অপ্রতিমের মৃত্যুরহস্যে নতুন মোড়, তুহিনের বাড়ি থেকে মিলল আইফোন

ডেইলি সান রিপোর্ট, কুমিল্লা

প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০০ এএম

অপ্রতিমের মৃত্যুরহস্যে নতুন মোড়, তুহিনের বাড়ি থেকে মিলল আইফোন

ছবি: সংগৃহীত

অ অ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ১৩ বছর বয়সী ছেলে ইশায়াত শাহরিয়ার অপ্রতিমের মৃত্যুর ঘটনায় নতুন তথ্য পেয়েছে পুলিশ। সন্দেহভাজন হিসেবে আটক তুহিনের বাড়ি থেকে অপ্রতিমের ব্যবহৃত আইফোনটি উদ্ধার করা হয়েছে।

শনিবার (১৯ সেপ্টেম্বর) রাতে কুমিল্লা কোটবাড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মফিজ উদ্দিন ভূঁইয়া এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, কুমিল্লা বিশ্ববিদ্যালয়সংলগ্ন সালমানপুর এলাকায় তুহিনের বাড়িতে অভিযান চালিয়ে আইফোনটি উদ্ধার করে জেলা পুলিশের একটি দল।

পুলিশ জানায়, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণের পর শনিবার বিকেলে তুহিনকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়। পরে তাকে জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে আনাস ও ফাহিম নামে আরও দুজনকে হেফাজতে নেওয়া হয়েছে। তিনজনকেই জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

এর আগে শুক্রবার বিকেলে বন্ধুদের সঙ্গে ছবি তুলতে বের হয়ে নিখোঁজ হয় অপ্রতিম। সে কুমিল্লা বর্ডার গার্ড পাবলিক স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী। নিখোঁজের প্রায় এক দিন পর শনিবার দুপুরে কুমিল্লা বিশ্ববিদ্যালয়সংলগ্ন লালমাই পাহাড়ের সানন্দা এলাকার একটি জঙ্গল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

অপ্রতিমের পরিবারের ভাষ্য, শুক্রবার মায়ের আইফোন নিয়ে বন্ধুদের সঙ্গে ছবি তুলতে বের হয়েছিল সে। এরপর আর বাড়ি ফেরেনি। ঘটনার পর পরিবারের পক্ষ থেকে থানায় নিখোঁজের বিষয়ে জানানো হয়।

এদিকে, অপ্রতিমের সঙ্গে তুহিনের যোগাযোগ ও তাকে পাহাড়ের দিকে নিয়ে যাওয়ার বিষয়ে সিসিটিভি ফুটেজের তথ্য পাওয়ার কথা জানিয়েছে বিভিন্ন সূত্র। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যও দাবি করেছেন, মোবাইল ফোনে তুহিন অপ্রতিমকে ডেকে নিয়েছিল। তবে এসব তথ্যের পূর্ণ সত্যতা তদন্তের মাধ্যমে নিশ্চিত হবে।

কুমিল্লা সদর দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল হাসান জানিয়েছেন, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও সন্দেহভাজনদের জিজ্ঞাসাবাদের মাধ্যমে হত্যার প্রকৃত কারণ জানার চেষ্টা চলছে। আইফোন নেওয়াই হত্যার কারণ, নাকি এর পেছনে অন্য কোনো বিরোধ ছিল—তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তা নিশ্চিত নয়।

আরও পড়ুন