EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

শাহ আমানতে ৫৩১ গ্রাম স্বর্ণসহ মাসকাটফেরত যাত্রী আটক

ডেইলি সান রিপোর্ট, চট্টগ্রাম

প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৮ পিএম

শাহ আমানতে ৫৩১ গ্রাম স্বর্ণসহ মাসকাটফেরত যাত্রী আটক
অ অ

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ব্যাগেজে স্কচটেপে মোড়ানো স্বর্ণের পেস্ট ও প্যান্টের পকেটে স্বর্ণালংকার বহনের অভিযোগে এক যাত্রীকে আটক করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। তাঁর কাছ থেকে মোট ৫৩১ গ্রাম স্বর্ণ উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে মধ্যপ্রাচ্য থেকে আসা সালামএয়ারের একটি ফ্লাইটে অভিযান চালিয়ে এসব স্বর্ণ আটক করা হয়।

কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর জানায়, মাসকাট থেকে আসা ফ্লাইটে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর মোহাম্মদ হাসান মুরাদের ব্যাগেজ ও দেহ তল্লাশি করা হয়। এ সময় তাঁর ব্যাগের ভেতর বিশেষ কৌশলে স্কচটেপ দিয়ে মোড়ানো অবস্থায় পেস্টের মতো স্বর্ণসদৃশ বস্তু পাওয়া যায়।

পরে স্বর্ণকারের মাধ্যমে ওই পেস্ট প্রক্রিয়াজাত করলে সেখান থেকে ৪২৫ গ্রাম ওজনের ২৪ ক্যারেটের একটি স্বর্ণপিণ্ড পাওয়া যায়।

এছাড়া দেহ তল্লাশির সময় তাঁর প্যান্টের পকেট থেকে বিভিন্ন ধরনের ৩৫টি স্বর্ণালংকার উদ্ধার করা হয়। এগুলোর ওজন ১০৬ গ্রাম। সব মিলিয়ে আটক স্বর্ণের মোট ওজন ৫৩১ গ্রাম।

কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের হিসাবে, আটক স্বর্ণের শুল্ক-করসহ আনুমানিক মূল্য ১ কোটি ৪১ হাজার ৫৫৫ টাকা।

এ ঘটনায় ওই যাত্রীর বিরুদ্ধে পতেঙ্গা থানায় মামলা দায়েরের কার্যক্রম চলছে বলে জানিয়েছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।

সংস্থাটি জানায়, স্বর্ণ চোরাচালানের সঙ্গে অন্য কোনো ব্যক্তি বা সংঘবদ্ধ চক্র জড়িত কি না, পাশাপাশি স্বর্ণের উৎস ও গন্তব্য এবং এর নেপথ্যে জড়িতদের শনাক্ত করতে তদন্ত করা হবে।

আরও পড়ুন