শুধু দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ নয়, গোটা জামালপুর আমার: পর্যটনমন্ত্রী
ডেইলি সান রিপোর্ট
প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৬ পিএম
সৌজন্য ছবি
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এবং জামালপুর-১ আসনের সংসদ সদস্য এম রশিদুজ্জামান মিল্লাতকে পূর্ণমন্ত্রী হিসেবে দায়িত্ব পাওয়ায় সংবর্ধনা দিয়েছে জামালপুর সমিতি, ঢাকা।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাজধানীর ঢাকা ক্লাবে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।
মন্ত্রী বলেন, শুধু দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ নয়, গোটা জামালপুর আমার। দীর্ঘ রাজনৈতিক জীবনে বিভিন্ন সংগ্রামে আমি জামালপুরবাসীকে পাশে পেয়েছি। এজন্য আমি আজীবন আপনাদের প্রতি কৃতজ্ঞ।
তিনি বলেন, জামালপুরবাসীর দোয়া ও ভালোবাসা ছাড়া আজকের অবস্থানে আসা সম্ভব হতো না। ২০০১ সালে জামালপুরবাসী তাঁকে সংসদ সদস্য নির্বাচিত করেন এবং ২০২৬ সালের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর-১ আসন থেকে তাঁকে দ্বিতীয়বারের মতো সংসদ সদস্য নির্বাচিত করেন।
এ সময় প্রয়াত ব্যারিস্টার আব্দুস সালাম তালুকদারকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন তিনি। তার নেতৃত্ব জামালপুরবাসীর জন্য বড় অর্জন ছিল বলেও উল্লেখ করেন মন্ত্রী।
এ ছাড়া যমুনা নদীর ভাঙন রোধে একটি প্রকল্প একনেকে রয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, প্রকল্পটি শিগগিরই অনুমোদন হবে বলে তিনি আশা করছেন। এতে নদীভাঙন থেকে জামালপুরের মানুষ সুরক্ষা পাবে।
বক্তব্যের শেষে মন্ত্রী সবাইকে দেশের প্রতি ভালোবাসা নিয়ে নিজ নিজ অবস্থান থেকে কাজ করার আহ্বান জানান।