৭৩ প্রতিষ্ঠানের প্রতিযোগিতায় এমআইএসটির চমক! সেরা দশে জায়গা পেল দুই উদ্ভাবন
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৯ পিএম
বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬-এ বড় সাফল্য পেয়েছে মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (এমআইএসটি)। দেশের ৭৩টিরও বেশি বিশ্ববিদ্যালয় ও উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের অংশগ্রহণে আয়োজিত এ মেলায় এমআইএসটির ছয়টি উদ্ভাবনী প্রকল্প প্রদর্শনের জন্য নির্বাচিত হয়েছে। এর মধ্যে দুটি প্রকল্প জায়গা করে নিয়েছে সেরা ১০-এ।
রাজধানীর নভোথিয়েটারে ১২ থেকে ১৪ সেপ্টেম্বর আয়োজিত হয় বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬। প্রতিযোগিতামূলক মূল্যায়নের মাধ্যমে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর ৫০টি প্রকল্প চূড়ান্তভাবে নির্বাচিত হয়। এর মধ্যে একক কোনো বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ ছয়টি প্রকল্প নিয়ে অংশ নেয় এমআইএসটি।
সেরা ১০-এ স্থান পাওয়া প্রকল্প দুটি হলো ‘ওয়াটার রিপেলেন্ট জুট ফ্যাব্রিক’ ও ‘ভয়েস অ্যাসিস্ট ডিভাইস’। এ দুই প্রকল্পের উদ্ভাবকদের প্রত্যেককে এক লাখ টাকা করে পুরস্কার দেওয়া হয়।
‘ওয়াটার রিপেলেন্ট জুট ফ্যাব্রিক’ প্রকল্পে পাটের শপিং ব্যাগ, ল্যাপটপ ব্যাগ, মোবাইল ক্যারিয়ারসহ বিভিন্ন ব্যবহার্য পণ্যে পরিবেশবান্ধব জলরোধী প্রলেপ দেওয়ার প্রযুক্তি উদ্ভাবন করা হয়েছে। এতে পাটজাত পণ্যের ব্যবহার আরও বহুমুখী করার সুযোগ তৈরি হয়েছে।
অন্যদিকে, ‘ভয়েস অ্যাসিস্ট ডিভাইস’ তৈরি করা হয়েছে কথা বলতে অক্ষম ব্যক্তিদের, বিশেষ করে অটিজমে আক্রান্ত শিশুদের দৈনন্দিন প্রয়োজন সহজে প্রকাশের সুযোগ করে দেওয়ার লক্ষ্যে।
ইনোভেশন ফেয়ারে এমআইএসটির এ অর্জন বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবনভিত্তিক গবেষণায় প্রতিষ্ঠানটির সক্ষমতার প্রতিফলন বলে মনে করা হচ্ছে। একই সঙ্গে এ সাফল্য শিক্ষক, গবেষক ও শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনী কর্মকাণ্ডে আরও উৎসাহিত করবে বলে আশা করা হচ্ছে।