EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

প্রকল্পে অর্থ ব্যয়ই লক্ষ্য নয়, নিশ্চিত করতে হবে জনকল্যাণ: শিল্পমন্ত্রী

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৩ পিএম

প্রকল্পে অর্থ ব্যয়ই লক্ষ্য নয়, নিশ্চিত করতে হবে জনকল্যাণ: শিল্পমন্ত্রী

ছবি: সংগৃহীত

অ অ

উন্নয়ন প্রকল্পে বরাদ্দ অর্থ ব্যয় করাই মূল উদ্দেশ্য হতে পারে না; প্রকল্পের সুফল জনগণের কাছে পৌঁছানো নিশ্চিত করতে হবে বলে মন্তব্য করেছেন বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সচিবালয়ে ২০২৬-২৭ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (এডিপি) অন্তর্ভুক্তির জন্য তিন মন্ত্রণালয়ের চলমান, অননুমোদিত ও নতুন প্রস্তাবিত প্রকল্প পর্যালোচনা সভায় তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, প্রতিটি প্রকল্প অর্থনীতি, কর্মসংস্থান, উৎপাদনশীলতা ও জনকল্যাণে কতটা কার্যকর ভূমিকা রাখছে, তা বিবেচনায় নিতে হবে। প্রকল্প গ্রহণ ও বাস্তবায়নের প্রতিটি পর্যায়ে স্বচ্ছতা, জবাবদিহি এবং সরকারি অর্থের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে হবে।

শিল্পকারখানায় নতুন করে সরাসরি বিনিয়োগের পরিবর্তে শিল্প পরিচালনা ও বিনিয়োগে বেসরকারি খাতকে আরও সক্রিয়ভাবে যুক্ত করার পরিকল্পনার কথা জানান তিনি। প্রয়োজন ও যৌক্তিকতার ভিত্তিতে সরকার অংশীদার বা শেয়ারহোল্ডার হিসেবে যুক্ত হতে পারে বলেও উল্লেখ করেন।

পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আব্দুর রহিম সাকি বলেন, প্রকল্প গ্রহণের সময় বরাদ্দ ও ব্যয়ের পাশাপাশি প্রত্যাশিত ফলাফল, বাস্তবায়নযোগ্যতা এবং দীর্ঘমেয়াদি প্রভাব মূল্যায়ন করতে হবে। নির্ধারিত সময়ে, ব্যয়ে ও গুণগত মান বজায় রেখে প্রকল্প বাস্তবায়নের ওপরও গুরুত্ব দেন তিনি।

সভায় শিল্প মন্ত্রণালয়ের প্রকল্পগুলোর অগ্রগতি, আর্থিক ব্যবস্থাপনা, উৎপাদন সক্ষমতা, পুরোনো কারখানার সংস্কার এবং বেসরকারি অংশীদারত্বের সুযোগ নিয়ে আলোচনা হয়। পরে বস্ত্র ও পাট এবং বাণিজ্য মন্ত্রণালয়ের প্রকল্পগুলো পর্যালোচনা করা হয়।

বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম বলেন, বস্ত্র ও পাট খাতকে প্রতিযোগিতামূলক করতে আধুনিক প্রযুক্তি, দক্ষ ব্যবস্থাপনা ও বাজার সম্প্রসারণে মনোযোগ দিতে হবে। সভায় তাঁতশিল্পের উন্নয়ন, ক্ষুদ্র উদ্যোক্তা ও তাঁতিদের জন্য সহজ শর্তে অর্থায়ন এবং টাঙ্গাইল শাড়ি ও মসলিনের উৎপাদন ও বাজার সম্প্রসারণ নিয়েও আলোচনা হয়।

সভায় সভাপতিত্ব করেন খন্দকার আব্দুল মুক্তাদির। উপস্থিত ছিলেন পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আব্দুর রহিম সাকি, বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব, ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন সংস্থার প্রতিনিধি ও প্রকল্প পরিচালকেরা।

আরও পড়ুন