ভূমি অফিসে কর্মকর্তাদের উপস্থিতি নিশ্চিতে চালু হচ্ছে ‘জিও ফেন্সিং’
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৯ পিএম
ছবি: সংগৃহীত
ভূমি অফিসে কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি নিশ্চিত করতে ‘জিও ফেন্সিং’ প্রযুক্তিনির্ভর মনিটরিং ব্যবস্থা চালু করেছে ভূমি মন্ত্রণালয়। এর মাধ্যমে কর্মস্থলে উপস্থিতি, ছুটি এবং সরকারি প্রয়োজনে অফিসের বাইরে যাওয়ার তথ্য ডিজিটালভাবে পর্যবেক্ষণ করা যাবে।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) ভূমি মন্ত্রণালয়ের সভাকক্ষে ‘ভূমি দৃষ্টি অ্যাপ’ উদ্বোধন অনুষ্ঠানে এ তথ্য জানানো হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেন, ভূমি অফিসে কর্মকর্তা-কর্মচারীদের প্রকৃত উপস্থিতি নিশ্চিত ও ভূমিসেবা কার্যক্রমে জবাবদিহিতা বাড়াতে এই প্রযুক্তিনির্ভর ব্যবস্থা চালু করা হয়েছে।
তিনি বলেন, ‘জিও ফেন্সিং’ প্রযুক্তিতে নির্ধারিত কর্মস্থলের চারপাশে একটি ভার্চুয়াল সীমানা তৈরি করা হয়। কোনো কর্মকর্তা বা কর্মচারীর মোবাইল ফোনের অবস্থান ওই সীমানার মধ্যে থাকলেই ‘ভূমি দৃষ্টি অ্যাপ’-এ হাজিরা দেওয়ার সুযোগ সক্রিয় হবে। ফলে কর্মস্থলের বাইরে থেকে হাজিরা দেওয়ার সুযোগ থাকবে না।
অ্যাপের মাধ্যমে কর্মস্থলে পৌঁছে চেক-ইন এবং কর্মদিবস শেষে চেক-আউট করা যাবে। ছুটির আবেদনও দেওয়া যাবে এই ব্যবস্থায়। কোনো কর্মকর্তা অফিস চলাকালীন কর্মস্থলের বাইরে গেলে কেন্দ্রীয় ড্যাশবোর্ডে স্বয়ংক্রিয়ভাবে সংকেত দেখা যাবে। তবে সভা, তদন্ত বা সরকারি কাজে বাইরে যেতে হলে ‘সাইট ভিজিট’ অপশনে কারণ উল্লেখ করা যাবে।
ইতোমধ্যে ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, বগুড়া, রাজশাহী ও চট্টগ্রাম—এই ছয় জেলায় ব্যবস্থাটির পাইলটিং চলছে। এসব জেলার ৬১০টি কার্যালয়ের ৯১৯ জন কর্মকর্তা-কর্মচারীকে পাইলট প্রকল্পের আওতায় আনা হয়েছে।
ভূমি প্রতিমন্ত্রী বলেন, ইউনিয়ন থেকে জেলা পর্যন্ত বিস্তৃত ভূমি কার্যালয়গুলো নিয়মিত সরেজমিনে তদারকি করা সময়সাপেক্ষ। অবস্থানভিত্তিক অনলাইন যাচাই চালু হলে কর্মকর্তাদের উপস্থিতি পর্যবেক্ষণ ও মাঠপর্যায়ের তদারকি সহজ হবে। এতে ভূমিসেবা ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা বাড়বে।
পাইলটিংয়ের অভিজ্ঞতা পর্যালোচনা করে প্রযুক্তিগত ও প্রশাসনিক চ্যালেঞ্জগুলো চিহ্নিত করা হবে। এরপর পর্যায়ক্রমে দেশের সব বিভাগ, জেলা, উপজেলা ও ইউনিয়ন ভূমি অফিসকে এই ব্যবস্থার আওতায় আনার পরিকল্পনা রয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদ। মন্ত্রণালয় ও অন্যান্য দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং গণমাধ্যমকর্মীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। পাইলটিং চলমান ছয় জেলার ঊর্ধ্বতন কর্মকর্তারাও অনলাইনে যুক্ত ছিলেন।