স্থানীয় নির্বাচন নিয়ে ইসির বৈঠক দুপুরে
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৫ এএম
ছবি: সংগৃহীত
স্থানীয় সরকার নির্বাচন ও ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন সামনে রেখে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে আজ বৃহস্পতিবার বৈঠকে বসছে নির্বাচন কমিশন (ইসি)।
ইসি কর্মকর্তারা জানিয়েছেন, আগারগাঁওয়ের নির্বাচন ভবনের সভাকক্ষে দুপুর ২টা ৩০ মিনিটে এ বৈঠক অনুষ্ঠিত হবে। প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন এতে সভাপতিত্ব করবেন।
ইসির উপসচিব মোহাম্মদ মনির হোসেন ইতোমধ্যে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থাগুলোকে বৈঠকে অংশ নেওয়ার জন্য চিঠি পাঠিয়েছেন।
বৈঠকে মন্ত্রিপরিষদ বিভাগ, জনপ্রশাসন মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়, স্থানীয় সরকার মন্ত্রণালয়সহ বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের প্রতিনিধিরা থাকবেন।
এ ছাড়া বাংলাদেশ ব্যাংক, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি), বাংলাদেশ ডাক বিভাগ, সশস্ত্র বাহিনী বিভাগ, পুলিশ, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), কোস্ট গার্ড, আনসার ও ভিডিপি, ডিজিএফআই, এনএসআই এবং এনটিএমসির সংশ্লিষ্ট কর্মকর্তাদেরও বৈঠকে থাকতে বলা হয়েছে।
ইসির পরিকল্পনা অনুযায়ী, আগামী নভেম্বরের মাঝামাঝি ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। পাশাপাশি ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন অনুষ্ঠিত হবে ২৯ অক্টোবর।
স্থানীয় নির্বাচন ও উপনির্বাচনকে সামনে রেখে প্রয়োজনীয় প্রস্তুতি, বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার সহযোগিতা এবং সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে বৈঠকে আলোচনা হতে পারে।