বিএনপি কর্মী রাব্বী নিহতের ঘটনায় শেখ হাসিনা-জয়সহ ১২৫ জনের বিরুদ্ধে মামলা
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৯ এএম
জুলাই আন্দোলনের সময় রাজধানীর খিলগাঁও এলাকায় জাহিদ হোসেন রাব্বী নামের এক বিএনপি কর্মী নিহত হওয়ার ঘটনায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তাঁর ছেলে সজীব ওয়াজেদ জয়, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ ১২৫ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রৌনক জাহান তাকির আদালতে মামলার আবেদন করেন রাব্বীর মামা ও খিলগাঁও থানার ঝিলপাড় ইউনিটের যুবদল সদস্য নাঈম কলিমুল্লাহ সরকার।
আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে অভিযোগটি তদন্তের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) নির্দেশ দিয়েছেন। আগামী ২ নভেম্বরের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. রিপন মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলায় শেখ হাসিনা ও সজীব ওয়াজেদ জয় ছাড়াও আসামিদের মধ্যে রয়েছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান, নিরাপত্তাবিষয়ক উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিকী, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ, সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম, সাবেক সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম, শাজাহান খান, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, আব্দুর রাজ্জাক, সাবের হোসেন চৌধুরী, জাহাঙ্গীর কবীর নানক, হাসানুল হক ইনু ও রাশেদ খান মেনন।
সাবেক অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল (লোটাস কামাল), সাবেক প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু, মোহাম্মদ এ আরাফাত ও জুনাইদ আহমেদ পলক, সাবেক তিন সিটি মেয়র শেখ ফজলে নূর তাপস, আতিকুর রহমান ও জাহাঙ্গীর আলম এবং সাবেক সংসদ সদস্য মাহবুব-উল-আলম হানিফ, শেখ হেলাল, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, মির্জা আজম, মুজিবুর রহমান চৌধুরী (নিক্সন চৌধুরী), নূর মোহাম্মদ, সাইফুজ্জামান শেখর, নূরুন্নবী চৌধুরী শাওন, নজরুল ইসলাম বাবু ও ডা. হাবিব এ মিল্লাতকেও মামলায় আসামি করা হয়েছে।
সাবেক মুখ্য সচিব তোফাজ্জল হোসেন মিয়া, সাবেক মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন, সাবেক অতিরিক্ত সচিব হারুন অর রশীদ বিশ্বাস, সাবেক যুগ্ম সচিব ধনঞ্জয় কুমার দাস, আবুল ফজল মীর বাদল এবং সাবেক অতিরিক্ত সচিব শায়লা ফারজানা শিউলির নামও মামলার আসামির তালিকায় রয়েছে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাবেক কর্মকর্তাদের মধ্যে সাবেক আইজিপি এ কে এম শহীদুল হক, বেনজীর আহমেদ, জাবেদ পাটোয়ারী ও চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, এনটিএমসির সাবেক মহাপরিচালক জিয়াউল আহসান, সাবেক ডিএমপি কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া ও হাবিবুর রহমান, ডিবির সাবেক প্রধান হারুন অর রশীদ, সাবেক এসবি প্রধান মনিরুল ইসলাম এবং আবদুল কাহার আকন্দকে আসামি করা হয়েছে।
মামলার অভিযোগে যা বলা হয়েছে
মামলার অভিযোগে বলা হয়, জাহিদ হোসেন রাব্বী বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। তিনি পেশায় একজন ফটোগ্রাফার ও গ্রাফিকস ডিজাইনার ছিলেন। নিয়মিত বিভিন্ন আন্দোলন-কর্মসূচিতে অংশ নিতেন তিনি।
২০২৪ সালের ৫ আগস্ট, জুলাই আন্দোলনের শেষ দিনে রাজধানীর খিলগাঁওয়ের তালতলা এলাকায় আন্দোলনে অংশ নেন রাব্বী। ওই দিন দুপুরের দিকে তিনি গুলিবিদ্ধ হন। পরে তাঁকে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
রাব্বীর মৃত্যুর ঘটনায় করা মামলায় বিভিন্ন পর্যায়ের সাবেক মন্ত্রী, সংসদ সদস্য, সরকারি কর্মকর্তা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাবেক কর্মকর্তাদের আসামি করা হয়েছে। অভিযোগের বিষয়ে এখন পিবিআই তদন্ত করে আদালতে প্রতিবেদন দেবে।