যাদুকাটা নদীতে বাল্কহেডে বালু তোলার অপরাধে ১ জনকে ৬ মাসের কারাদণ্ড
ডেইলি সান রিপোর্ট, সুনামগঞ্জ
প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৬ পিএম
ছবি:সংগৃহীত
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার যাদুকাটা নদীতে পৃথক দুটি অভিযানে নৌকার বাল্কহেডে বালু লোড করার অপরাধে ১ জনকে ৬ মাসের কারাদণ্ড ও মাছ শিকারের অপরাধে দুই জেলের থেকে জরিমানা আদায় করা হয়েছে।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) যাদুকাটা নদীতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহরুখ আলম শান্তনু মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে। এতে তাহিরপুর থানার পুলিশ সদস্যরা সহায়তা করেন।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে নদীতে বালু উত্তোলন ও পরিবহন কার্যক্রম দেখা যায়নি। তবে সোহালা এলাকায় তীরে জমা করে রাখা বালু বাল্কহেডে তোলার সময় বৈধ কাগজপত্র দেখাতে না পারায় হাতেনাতে ধরা পড়ে এক ব্যক্তি। ওই ব্যক্তিকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন -২০১০ অনুসারে ১৮০ দিন (৬মাস) বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
একই অভিযানে নদীতে অবৈধ কোনাজাল ব্যবহার করে জাদুকাটা নদীতে মৎস্য শিকারের অপরাধে আটক ২ ব্যক্তির থেকে মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন মোতাবেক ১০ হাজার টাকা অর্থদণ্ড আদায় করা হয়।
উপজেলার সহকারী কমিশনার ভূমি শাহরুখ আলম শান্তনু জানান, উপজেলা প্রশাসনের এধরণের অভিযান অব্যাহত থাকবে। কোনো অনিয়মকে ছাড় দেয়া হবে না।