ডিএসসিসির কার্যালয়ে ২৫% কর্মকর্তা-কর্মচারী অনুপস্থিত, ব্যবস্থা নেওয়ার নির্দেশ
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৪ পিএম
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) আঞ্চলিক কার্যালয়-৫-এ ঝটিকা পরিদর্শনে গিয়ে প্রায় ২৫ শতাংশ কর্মকর্তা-কর্মচারীকে কর্মস্থলে অনুপস্থিত পেয়েছেন সংস্থাটির প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুস সালাম। অনুপস্থিতদের বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি।
আজ মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকালে কোনো প্রটোকল ছাড়াই আঞ্চলিক কার্যালয়-৫ পরিদর্শনে যান ডিএসসিসির প্রশাসক। এ সময় তিনি কার্যালয়ের বাইরে অবস্থান করে কর্মকর্তা-কর্মচারীদের কর্মস্থলে আসার বিষয়টি পর্যবেক্ষণ করেন। পরে সকাল ৯টা ২ মিনিটে কার্যালয়ে ঢুকে মূল ফটক বন্ধ রাখার নির্দেশ দেন, যাতে বিলম্বে আসা কেউ প্রবেশ করতে না পারেন।
প্রশাসক কার্যালয়ের বিভিন্ন কক্ষ ঘুরে দেখেন এবং হাজিরা খাতা যাচাই করেন। এতে প্রায় ২৫ শতাংশ কর্মকর্তা-কর্মচারী অনুপস্থিত থাকার বিষয়টি ধরা পড়ে। এ ঘটনায় অসন্তোষ প্রকাশ করে অনুপস্থিতদের বিরুদ্ধে চাকরির বিধি অনুযায়ী ব্যবস্থা নিতে আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা আক্তার উননেছা শিউলীকে নির্দেশ দেন তিনি।
পরে ডিএসসিসির ১১ নম্বর ওয়ার্ডের শাহজাহানপুর এলাকায় পরিচ্ছন্নতাকর্মীদের উপস্থিতি ও হাজিরা খাতা পরিদর্শন করেন প্রশাসক। সেখানেও কর্মীদের অনুপস্থিতি দেখতে পান তিনি। এ বিষয়ে প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমোডর মো. মাহবুবুর রহমান তালুকদারকে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া হয়।
পরিদর্শন শেষে মতিঝিল পীর জঙ্গির মাজার থেকে মতিঝিল আইডিয়াল স্কুল, ফকিরাপুল, আরামবাগ ও দৈনিক বাংলা হয়ে বঙ্গভবন পর্যন্ত এলাকায় ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান পরিচালনা করেন প্রশাসক। অভিযানে অবৈধ দোকানপাট ও অস্থায়ী স্থাপনা উচ্ছেদ করা হয়।
ডিএসসিসির প্রশাসক মো. আব্দুস সালাম বলেন, নাগরিক সেবা দিতে কোনো ধরনের গাফিলতি বা অবহেলা বরদাশত করা হবে না। সিটি করপোরেশনের কর্মচারী কিংবা বাইরের কোনো পক্ষ—জনভোগান্তি সৃষ্টি করলে কাউকেই ছাড় দেওয়া হবে না।
তিনি আরও বলেন, ফুটপাত দখলমুক্ত রাখার পাশাপাশি সেবা কার্যক্রমে শৃঙ্খলা নিশ্চিত করতে এ ধরনের কঠোর পদক্ষেপ ও ঝটিকা পরিদর্শন অব্যাহত থাকবে।