EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

হবিগঞ্জে তরুণীকে ধর্ষণের পর হত্যা, ২ জনের মৃত্যুদণ্ড

ডেইলি সান রিপোর্ট, সিলেট

প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৬ এএম

হবিগঞ্জে তরুণীকে ধর্ষণের পর হত্যা, ২ জনের মৃত্যুদণ্ড

ছবি: সংগৃহী

অ অ

হবিগঞ্জে এক তরুণীকে ধর্ষণের পর হত্যার মামলায় দুই আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের প্রত্যেককে ৩০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।

রোববার (১৩ সেপ্টেম্বর) বিকেলে হবিগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন আদালতের বিচারক ও জেলা ও দায়রা জজ সৈয়দা মিনহাজ উম মুনীরা এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় দুই আসামিই আদালতে উপস্থিত ছিলেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন নবীগঞ্জ উপজেলার বড় ভাকৈর (পূর্ব) ইউনিয়নের হরিনগর গ্রামের মিরাশ উদ্দিনের ছেলে খলিল উদ্দিন এবং একই এলাকার মৃত ইশ্বাদ উল্লাহর ছেলে মো. গোলাম হোসেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, বিবাহিত হওয়া সত্ত্বেও খলিল উদ্দিন ওই তরুণীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। চিকিৎসার জন্য টাকার প্রয়োজন হওয়ায় তরুণী তার পুরোনো রূপার চেইন বিক্রি করতে চাইলে খলিল সেটি কেনার কথা বলেন।

২০২১ সালের ২৬ ডিসেম্বর রাতে দেখা করার কথা বলে খলিল ওই তরুণীকে একটি নির্জন জমিতে ডেকে নেন। সেখানে তাকে ধর্ষণ করা হয়। পরে স্থানীয় ব্যবসায়ী গোলাম হোসেন ঘটনাস্থলে গেলে তিনিও তরুণীকে ধর্ষণের চেষ্টা করেন বলে মামলার নথিতে উল্লেখ করা হয়েছে।

এতে তরুণী বাধা দিলে খলিল ও গোলাম হোসেন তাকে হত্যা করেন বলে অভিযোগে বলা হয়। পরদিন দুপুরে পরিবারের সদস্যরা ওই তরুণীর মরদেহ উদ্ধার করেন।

এ ঘটনায় নিহতের বাবা সুফি মিয়া বাদী হয়ে আদালতে মামলা করেন। পরে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) তদন্ত শেষে দুই আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে।

মামলার বিচার চলাকালে দুই আসামি আদালতে নিজেদের অপরাধ স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দেন।

রায়ে দুই আসামিকে মৃত্যুদণ্ডের পাশাপাশি প্রত্যেককে ৩০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে বলে জানান রাষ্ট্রপক্ষের আইনজীবী (পাবলিক প্রসিকিউটর) অ্যাডভোকেট কামাল উদ্দিন আহমেদ সেলিম।

তিনি রায়ে সন্তোষ প্রকাশ করে বলেন, আইন অনুযায়ী আসামিরা আগামী সাত দিনের মধ্যে উচ্চ আদালতে আপিল করার সুযোগ পাবেন।

আরও পড়ুন