EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

বিএসএফের গুলিতে নিহত আসাদুলের লাশ ফিরল দেশে

ডেইলি সান রিপোর্ট, ঠাকুরগাঁও

প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩২ এএম

বিএসএফের গুলিতে নিহত আসাদুলের লাশ ফিরল দেশে

ছবি: সংগৃহীত

অ অ

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে নিহত বাংলাদেশি আসাদুল ইসলামের (৩৫) লাশ দেশে ফিরেছে। রবিবার (১৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে পতাকা বৈঠকের মাধ্যমে লাশটি বিজিবির কাছে হস্তান্তর করে বিএসএফ।

পীরগঞ্জ উপজেলার দানাজপুর বিজিবি ক্যাম্পের সীমান্ত পিলার ৩৪০/৩-এস সংলগ্ন শূন্যরেখায় আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষে লাশ হস্তান্তর করা হয়। পরে বিজিবি আসাদুলের লাশ তাঁর স্ত্রী ও চাচাতো ভাইয়ের কাছে হস্তান্তর করে।

নিহত আসাদুল ইসলাম পীরগঞ্জ উপজেলার ইন্দ্রইল গ্রামের মৃত ওয়াজেদ আলীর ছেলে। লাশ হস্তান্তরের সময় দিনাজপুর ৪২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল আল মুইন, বৈরচুনা বিজিবি ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার শাহ আলম, পীরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল হাকিমসহ বিজিবির সদস্যরা উপস্থিত ছিলেন। বিএসএফের পক্ষে চাদগাঁও ক্যাম্পের কমান্ডার সূরিয়া পালসহ সদস্যরা উপস্থিত ছিলেন।

লাশ হস্তান্তরের আগে রবিবার বেলা ১১টা ও সন্ধ্যা ৬টার দিকে রামনা-চান্দোহর সীমান্তের পিলার ৩৩৩/২-এস সংলগ্ন শূন্যরেখায় বিজিবি ও বিএসএফের মধ্যে দুই দফা পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। এতে দিনাজপুর ৪২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল আল মুইনের নেতৃত্বে বিজিবির প্রতিনিধিদল এবং চাদগাঁও বিএসএফ ক্যাম্পের কমান্ডার সূরিয়া পালের নেতৃত্বে বিএসএফের প্রতিনিধিরা অংশ নেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত শুক্রবার রাতে পীরগঞ্জ উপজেলার বৈরচুনা ইউনিয়নের ভবানীপুর সীমান্ত এলাকায় বিএসএফের গুলিতে আসাদুল নিহত হন। এ সময় আরও দুই বাংলাদেশি—ইন্দ্রইল গ্রামের আহেদ আলীর ছেলে মোস্তাকিন (৩৪) ও মনসা বর্মনের ছেলে উদা চন্দ্র রায় (৩৫)—আহত হয়ে বিএসএফের হাতে আটক হন।

এ ছাড়া একই গ্রামের মৃত তাশির উদ্দীনের ছেলে আইয়ুব আলী (৪০) পালিয়ে বাংলাদেশে ফিরে বর্তমানে আত্মগোপনে রয়েছেন বলে স্থানীয় সূত্র জানিয়েছে।

আরও পড়ুন