ময়মনসিংহে জেলা পরিষদের উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ
ডেইলি সান রিপোর্ট,ময়মনসিংহ
প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৮ পিএম
ময়মনসিংহ সদর উপজেলা ও সিটি করপোরেশন এলাকার বিভিন্ন প্রতিষ্ঠানের উন্নয়ন প্রকল্পে বরাদ্দ করা অর্থের চেক বিতরণ করেছে ময়মনসিংহ জেলা পরিষদ। ২০২৬-২৭ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) সাধারণ খাতের আওতায় এসব অর্থ বরাদ্দ দেওয়া হয়।
আজ রবিবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে ময়মনসিংহ জেলা পরিষদের সম্মেলন কক্ষে আয়োজিত চেক বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা পরিষদের প্রশাসক ও বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ময়মনসিংহ সদর আসনের সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ। বিশেষ অতিথি ছিলেন ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রশাসক রোকনুজ্জামান সরকার রোকন।
অনুষ্ঠানে বক্তব্য দেন ময়মনসিংহ জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা শাহ কামরুল হুদা ও নির্বাহী কর্মকর্তা স্নিগ্ধা দাস।
বরাদ্দ পাওয়া প্রতিষ্ঠানগুলোর পক্ষে বক্তব্য দেন অনন্যা হাউজিং জামে মসজিদ ও ইসলামিক সেন্টারের সাখাওয়াত হোসেন, জামিয়া আশরাফিয়া মাদ্রাসার আবদুর রব, এডভান্স মডেল কলেজের আবদুর রাজ্জাক এবং বায়তুল আমান জামে মসজিদের মনজুরুল হক।
এ সময় বিভিন্ন উন্নয়ন প্রকল্প কমিটির সভাপতি, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রতিনিধি, জেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে আবু ওয়াহাব আকন্দ বলেন, স্বচ্ছতা ও জবাবদিহি বজায় রেখে প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার জনগণের চাহিদা পূরণে জনকল্যাণে কাজ করছে।
বিশেষ অতিথির বক্তব্যে সিটি করপোরেশনের প্রশাসক রোকনুজ্জামান সরকার রোকন বলেন, ভঙ্গুর অর্থনীতির মধ্যেও প্রধানমন্ত্রী তারেক রহমান অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি শিক্ষা, ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানের উন্নয়নে অর্থনৈতিক সহযোগিতা দিয়ে যাচ্ছেন।
সভাপতির বক্তব্যে সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, ‘জেলা পরিষদের অর্থ জনগণের অর্থ। তাই এই অর্থ ব্যয়ের ক্ষেত্রে সর্বোচ্চ স্বচ্ছতা, জবাবদিহি ও জনকল্যাণকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে।’
তিনি বলেন, ‘ফ্যাসিবাদের ধ্বংসস্তূপ থেকে বাংলাদেশকে একটি গণতান্ত্রিক, বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক ও সমৃদ্ধ রাষ্ট্র হিসেবে পুনর্গঠনের ঐতিহাসিক যাত্রা শুরু হয়েছে। এই মহতী দায়িত্ব শুধু সরকারের নয়—এটি আমাদের সবার দায়িত্ব। দল-মত, শ্রেণি-পেশা ও ব্যক্তি-স্বার্থের ঊর্ধ্বে উঠে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে রাষ্ট্র পুনর্গঠনের এই জাতীয় কর্মযজ্ঞে যার যার অবস্থান থেকে সর্বশক্তি দিয়ে সহযোগিতা করতে হবে।’
পরে বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিদের হাতে সংশ্লিষ্ট উন্নয়ন প্রকল্পের বরাদ্দের অর্থের চেক তুলে দেওয়া হয়।