ঠাকুরগাঁও সীমান্তে ভারতীয় মদ ও ট্যাপেন্টাডল ঔষধ উদ্ধার বিজিবি’র
ডেইলি সান রির্পোট, ঠাকুরগাঁও
প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৬ পিএম
ছবি: সংগৃহীত
ঠাকুরগাঁওয়ের হরিপুর ও পীরগঞ্জ সীমান্তে পৃথক দুটি অভিযানে ১০ বোতল ভারতীয় মদ ও ৩৬টি ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রোববার (১৩ সেপ্টেম্বর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন দিনাজপুর ব্যাটালিয়ন ৪২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে দিনাজপুর ব্যাটালিয়ন ৪২ বিজিবির অধীন মশালগাঁও বিওপির সদস্যরা শনিবার (১২ সেপ্টেম্বর ) সন্ধ্যায় হরিপুর উপজেলার দক্ষিণ বালিহারা এলাকায় অভিযান চালান। এসময় সীমান্ত পিলার ৩৪৯ এর ৭ এস থেকে প্রায় ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ১০ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়।
একই দিন রাতে পীরগঞ্জ উপজেলার চান্দরিয়া এলাকায় অভিযান চালায় চান্দরিয়া বিওপির বিজিবি সদস্যরা। সীমান্ত পিলার ৩৩৭-এর ৪ এস থেকে প্রায় ৮শ' গজ বাংলাদেশের অভ্যন্তরে মালিকবিহীন অবস্থায় ৩৬টি ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কর্তৃক উদ্ধারকৃত ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং উদ্ধার করা মাদকদ্রব্যের সর্বমোট বাজার মূল্য ২৫ হাজার ৮০০ টাকা বলে জানিয়েছে বিজিবি।
বিজিবি বলছে, এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। পাশাপাশি মাদক ব্যবসায়ীদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।
দিনাজপুর ব্যাটালিয়ন ৪২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান বলেন, ‘দেশের সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির নিয়মিত ও কঠোর অভিযান অব্যাহত থাকবে।’