এডিস মশার লার্ভা: ২৮ মামলায় ডিএনসিসির জরিমানা ১ লাখ ৭৭ হাজার ৫০০ টাকা
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৯ পিএম
এডিস মশার লার্ভা পাওয়ায় রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ২৮টি মামলা করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। এসব মামলায় মোট ১ লাখ ৭৭ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
রবিবার (১৩ সেপ্টেম্বর) ডিএনসিসির বিভিন্ন এলাকায় মশক নিধন কার্যক্রমের অংশ হিসেবে নির্বাহী ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এসব জরিমানা আদায় করেন।
ডিএনসিসি সূত্রে জানা যায়, মিরপুর-১০, রূপনগর, উত্তর পল্লবী, আগারগাঁও, উত্তরা, নিকুঞ্জ ও বারিধারা এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসব এলাকার বিভিন্ন বাসাবাড়িতে এডিস মশার লার্ভা পাওয়ায় মোট ২৮টি মামলা দায়ের করা হয়।
ডিএনসিসির নিয়োজিত নির্বাহী ম্যাজিস্ট্রেট অতীশ দশি চাকমা, এস এম রাসেল ইসলাম নূর, শরিফুল আলম তানভীর, প্রমথ রঞ্জন ঘটক ও দেদারুল ইসলামের নেতৃত্বে এসব ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।
ডিএনসিসি জানিয়েছে, জাতীয় ডেঙ্গু প্রতিরোধ দিবসে প্রধানমন্ত্রীর ঘোষণার পর আগামী তিন মাসের কর্মসূচির আওতায় মশক নিধন কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এ কর্মসূচির অংশ হিসেবে নির্বাহী ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে স্বাস্থ্য বিভাগের কর্মীরা ডিএনসিসির বিভিন্ন এলাকার বাড়ি বাড়ি গিয়ে সোর্স রিডাকশন, লার্ভিসাইডিং, ছাদবাগান পরিদর্শন, জনসচেতনতামূলক মাইকিং, নোবেলিউরন ট্যাবলেট প্রয়োগ ও লিফলেট বিতরণ করবেন।
এ ছাড়া বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও করণীয় বিষয়ে দিকনির্দেশনা দেওয়া হবে।