শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
ডেইলি সান রিপোর্ট, বাগেরহাট
প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৪ পিএম
বাগেরহাটের মোল্লাহাট উপজেলায় শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। রবিবার সকালে উপজেলার দারিয়ালা গ্রামের একটি মৎস্যঘেরে এ ঘটনা ঘটে। নিহত দুই শিশু সম্পর্কে আপন চাচাতো বোন। তাদের মৃত্যুতে পরিবারে নেমে এসেছে শোকের ছায়া।
নিহত শিশুরা হলো জান্নাতী আক্তার (১০) ও লামিয়া আক্তার (৯)। জান্নাতী দারিয়ালা গ্রামের মুস্তাইন শেখের মেয়ে, আর লামিয়া একই গ্রামের মোস্তাক শেখের মেয়ে। তারা দুজনই দারিয়ালা পশ্চিম পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী ছিল।
স্বজনরা জানান, আজ সকাল সাতটার দিকে বাড়ি থেকে প্রায় ২০০ গজ দূরের একটি মৎস্যঘেরে শাপলা তুলতে যায় দুই শিশু। কিছু সময় পর তাদের দাদি নাছিমা বেগমও সেখানে যান। শাপলা তুলতে তুলতে হঠাৎ শিশু দুটি মৎস্যঘেরের খাদে পড়ে ডুবে যায়।
খবর পেয়ে স্বজনরা ছুটে গিয়ে তাদের উদ্ধার করেন। প্রথমে তাদের স্থানীয় ক্লিনিকে ও পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা দুজনকে মৃত ঘোষণা করেন।
মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহাদাত হোসেন বলেন, মৎস্যঘেরে শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে যায় শিশু দুটি। উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন। শিশু দুটির মরদেহ দাফনের জন্য স্বজনরা হাসপাতাল থেকে বাড়িতে নিয়ে গেছেন।