মাউশির ৬১০ পদের চূড়ান্ত ফল না পেয়ে রংপুরে মানববন্ধন
ভাইভা শেষে দীর্ঘদিনেও ফল না পাওয়ায় ক্ষুব্ধ প্রার্থীরা, দ্রুত নিয়োগের দাবি
ডেইলি সান রিপোর্ট, রংপুর
প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪০ পিএম
রংপুরে মাউশি কার্যালয়ের সামনে মানববন্ধন করেন চূড়ান্ত ফল প্রত্যাশী প্রার্থীরা।
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) ২০২০ সালের নিয়োগ বিজ্ঞপ্তির চূড়ান্ত ফলাফলের দাবিতে রংপুরে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছেন ফলাফল প্রত্যাশীরা। প্রদর্শক, গবেষণা সহকারী (কলেজ), ল্যাবরেটরি সহকারী ও সহকারী গ্রন্থাগারিক কাম ক্যাটালগার পদে ভাইভা দেওয়া প্রার্থীরা এই কর্মসূচিতে অংশ নেন।
রবিবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে নগরীর কাচারি বাজার এলাকায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিভাগীয় কার্যালয়ের সামনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তব্য দেন চূড়ান্ত ফলাফল প্রত্যাশী আন্দোলনকারীদের সভাপতি জোবায়ের আহমেদ জাকারিয়া, সদস্যসচিব লিটন কুমার বিশ্বাস এবং সদস্য আকতারা খাতুন, এরশাদ হোসেন ও প্রদীপ চন্দ্র রায়সহ অনেকে।
ফলাফল প্রত্যাশীরা বলেন, ২০২০ সালে মোট ৪ হাজার ৩২টি পদে নিয়োগ কার্যক্রম শুরু হয়। এর মধ্যে ৩ হাজার ৪২২টি পদের নিয়োগপ্রক্রিয়া সম্পন্ন হয়েছে এবং নিয়োগপ্রাপ্তরা কর্মরত আছেন। কিন্তু একই বিজ্ঞপ্তির আওতাধীন ১০ম গ্রেডের চারটি পদের মোট ৬১০টি পদের চূড়ান্ত ফলাফল এখনো প্রকাশিত হয়নি।
তাঁরা আরও বলেন, মৌখিক পরীক্ষা শেষ হওয়ার পর দীর্ঘ সময় পার হলেও চূড়ান্ত ফলাফল প্রকাশিত হয়নি। এতে প্রার্থীদের মধ্যে চরম অনিশ্চয়তা ও হতাশা তৈরি হয়েছে। দীর্ঘসূত্রতার কারণে অনেক প্রার্থী ইতিমধ্যে সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা পার করেছেন, আবার কেউ কেউ তা পার হওয়ার ঝুঁকিতে আছেন। ফলে তাঁদের চাকরির সুযোগ ও ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে এবং তাঁরা পরিবার নিয়ে কষ্টে দিন কাটাচ্ছেন।
ফলাফল প্রত্যাশীরা দাবি জানান, অবিলম্বে বৈধ নিয়োগপ্রক্রিয়া সম্পন্ন করে ৬১০ জনের চাকরি নিশ্চিত করতে হবে। তা না হলে দেশব্যাপী কঠোর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেন তাঁরা।
একই দাবিতে তাঁরা বিভাগীয় কমিশনারের মাধ্যমে প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর কাছে একটি স্মারকলিপিও জমা দেন।