ফতুল্লায় শুভ্র হত্যা মামলায় ৭ জনের যাবজ্জীবন
ডেইলি সান রিপোর্ট, নারায়ণগঞ্জ
প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৫ পিএম
রায় ঘোষণার পর কারাগারে নেওয়া হচ্ছে আসামীদের। ছবি: সংগৃহীত
নারায়ণগঞ্জের ফতুল্লায় সাখাওয়াত হোসেন শুভ্র হত্যা মামলায় সাত আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
রবিবার (১৩ সেপ্টেম্বর) নারায়ণগঞ্জের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আবু শামীম আজাদ এই রায় ঘোষণা করেন। রায়ে প্রত্যেক আসামিকে ৫০ হাজার টাকা করে অর্থদণ্ডও দেওয়া হয়েছে। অর্থদণ্ড অনাদায়ে আরও দুই বছরের সশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে তাদের।
বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ আদালত পুলিশের পরিদর্শক আব্দুস সামাদ। তিনি জানান, রায় ঘোষণার সময় পাঁচ আসামি আদালতে উপস্থিত ছিলেন। তবে আসামি বাবুল সাহা জীবন ও কাওছার পলাতক থাকায় তাদের অনুপস্থিতিতেই রায় ঘোষণা করা হয়।
মামলার নথি অনুযায়ী, ২০১৭ সালের ১৫ আগস্ট বিকেল ৪টার দিকে ফতুল্লার মাসদাইর এলাকায় আদর্শ স্কুলের উত্তর পাশে নির্মাণাধীন ‘মায়ের আঁচল’ নামের ১২ তলা ভবনের সপ্তম তলায় শুভ্রকে ডেকে নিয়ে যায় আসামিরা। সেখানে ধারালো অস্ত্র দিয়ে তার মাথার পেছনে ও থুতনির নিচে আঘাত করা হয়। পরে শ্বাসরোধ করে তাকে হত্যা করা হয় বলে মামলার অভিযোগে বলা হয়েছে।
ঘটনার পর নিহত শুভ্রর বাবা মো. শাহাদাত হোসেন শিকদার বাদী হয়ে ফতুল্লা থানায় সাতজনের বিরুদ্ধে মামলা করেন। আসামিরা হলেন বাবুল সাহা জীবন, নাজমুল ইসলাম, সঞ্জয় দাস ওরফে মনা, মিলন, বশির, সমীর ও কাওছার। মামলাটি ফতুল্লা থানার মামলা নম্বর ৮১, দায়ের হয় ২২ আগস্ট ২০১৭ তারিখে।
তদন্ত শেষে পুলিশ সাত আসামির বিরুদ্ধে অভিযোগের প্রমাণ পাওয়ার কথা জানিয়ে ২০২০ সালের ২৪ মার্চ আদালতে অভিযোগপত্র দাখিল করে। এতে দণ্ডবিধির ৩০২, ২০১, ৩৭৯, ৪১১ ও ৩৪ ধারায় অভিযোগ আনা হয়। দীর্ঘ বিচারিক কার্যক্রম শেষে আদালত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে বলে রায়ে উল্লেখ করেন।