উত্তর দিনাজপুরে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত
ডেইলি সান রিপোর্ট, দিনাজপুর
প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৪ পিএম
ছবি: সংগৃহীত
ভারতের পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ মহকুমা এলাকায় বিএসএফের গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছেন। এ ঘটনায় ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের সঙ্গে যোগাযোগ করছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
রোববার (১৩ সেপ্টেম্বর) রাত ১২টা ১০ মিনিটে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিজিবি।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিভিন্ন দেশি-বিদেশি সংবাদমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী, ১২ সেপ্টেম্বর দিবাগত রাত আনুমানিক ১টা ৩৫ মিনিটে এ ঘটনা ঘটে।
দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)–এর চান্দেরহাট বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ৩৩৩/এমপি থেকে প্রায় দেড় কিলোমিটার ভারতের ভেতরে উত্তর দিনাজপুরের রায়গঞ্জ মহকুমা এলাকায় এ ঘটনা ঘটে।
প্রাথমিকভাবে জানা গেছে, ওই এলাকায় একটি বাংলাদেশি দলের ওপর বিএসএফের চকশিবানন্দ ক্যাম্পের সদস্যরা গুলি চালান। এতে একজন বাংলাদেশি গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। পরে তাকে ভারতের স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত ব্যক্তির নাম আসাদুল হক (৩৮)। তিনি ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার ইদ্রইল গ্রামের বাসিন্দা এবং আব্দুল ওয়াজেদের ছেলে।
বিজিবির প্রাথমিক তথ্য অনুযায়ী, আসাদুল হকের বিরুদ্ধে মাদক ও মানবপাচারসংক্রান্ত একাধিক মামলা রয়েছে। তবে এসব মামলার বিস্তারিত তথ্য বা বর্তমানে সেগুলোর অবস্থা সম্পর্কে বিজ্ঞপ্তিতে কিছু জানানো হয়নি।
বিজিবি জানায়, ঘটনার পর দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) ভারতের ৬৩ বিএসএফ ব্যাটালিয়নের সঙ্গে যোগাযোগের উদ্যোগ নেয়। ঘটনার বিস্তারিত জানতে এবং বিষয়টি নিয়ে আলোচনা করতে বিজিবির পক্ষ থেকে বিএসএফকে পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়েছে।
ঘটনাটি নিয়ে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে যোগাযোগ অব্যাহত রয়েছে বলে জানিয়েছে বিজিবি।
