EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

বিয়ের অনুষ্ঠান শেষে ফেরার পথে মাইক্রোবাসে ধাক্কা, নিহত ৪

ডেইলি সান রিপোর্ট, কর্ণফুলী (চট্টগ্রাম)

প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪১ এএম

বিয়ের অনুষ্ঠান শেষে ফেরার পথে মাইক্রোবাসে ধাক্কা, নিহত ৪

ছবি: সংগৃহীত

অ অ

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় বিয়ের অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে কাভার্ড ভ্যানের ধাক্কায় মাইক্রোবাসের চার যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও সাতজন। নিহতদের মধ্যে একই পরিবারের তিনজন রয়েছেন।

শনিবার (১৩ সেপ্টেম্বর) দিবাগত রাত ২টার দিকে উপজেলার শিকলবাহা চৌমুহনী এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন কক্সবাজারের ঈদগাহ এলাকার বাসিন্দা নিয়াজ মোর্শেদ (২২), তাঁর ছোট বোন মিমতাহ (১৭), তাঁদের মামা মো. ফেরদৌস আলম (৫৫) এবং মাইক্রোবাসের চালক মো. মুন্না।

নিহত ফেরদৌস আলমের আত্মীয় মো. ওমর ফারুক জানান, শনিবার রাতে চট্টগ্রাম নগরের আগ্রাবাদের একটি কমিউনিটি সেন্টারে মিমতাহর বড় বোনের বিয়ের অনুষ্ঠান ছিল। অনুষ্ঠান শেষে পরিবারের কয়েকজন সদস্য ও আত্মীয়স্বজন একটি মাইক্রোবাসে করে কক্সবাজারের ঈদগাহ এলাকায় বাড়ি ফিরছিলেন।

ফেরার পথে রাত ২টার দিকে মাইক্রোবাসটি কর্ণফুলী উপজেলার শিকলবাহা চৌমুহনী এলাকায় পৌঁছালে দুর্ঘটনার শিকার হয়।

পুলিশ জানায়, শিকলবাহা এলাকা অতিক্রম করার সময় একটি কাভার্ড ভ্যান ইউটার্ন নেওয়ার সময় মাইক্রোবাসটিকে ধাক্কা দেয়। এতে মাইক্রোবাসটি গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়।

দুর্ঘটনায় ঘটনাস্থলেই ফেরদৌস আলম ও মিমতাহ নিহত হন। গুরুতর আহত অবস্থায় অন্যদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। পরে হাসপাতালে চিকিৎসাধীন আরও দুজনকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় আহত সাতজনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে।

দুর্ঘটনার পর স্থানীয় লোকজনের পাশাপাশি ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা উদ্ধারকাজ চালান।

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর আহমদ চারজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দুর্ঘটনার পর কাভার্ড ভ্যানটি জব্দ করা হয়েছে।

তবে কাভার্ড ভ্যানের চালক ও সহকারী দুর্ঘটনার পর পালিয়ে গেছেন। তাঁদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

আরও পড়ুন