EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

কসবায় অবৈধ ড্রেজিং, দুই ব্যক্তিকে ২ লাখ টাকা জরিমানা

ডেইলি সান রিপোর্ট, কসবা

প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৪ পিএম

কসবায় অবৈধ ড্রেজিং, দুই ব্যক্তিকে ২ লাখ টাকা জরিমানা

ছবি: সংগৃহীত

অ অ

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় অবৈধভাবে ড্রেজিং করে পুকুর থেকে মাটি ও বালু উত্তোলনের দায়ে দুই ব্যক্তিকে মোট ২ লাখ টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন। এ সময় দুটি ড্রেজিং মেশিনের কার্যক্ষমতা নষ্ট করার পাশাপাশি প্রায় এক হাজার ঘনফুট পাইপের সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টা থেকে বেলা ২টা পর্যন্ত উপজেলার পঞ্চগ্রাম ঈদগাহ, ধর্মপুর ও মনকশাইর আশ্রয়ণ প্রকল্পসংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন কসবা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তানজিল কবির।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, অভিযানের সময় দুটি স্থানে ড্রেজিং মেশিনের কার্যক্ষমতা নষ্ট করে দেওয়া হয়। পাশাপাশি অবৈধভাবে মাটি ও বালু উত্তোলনে ব্যবহৃত আনুমানিক এক হাজার ঘনফুট পাইপের সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

মনকশাইর আশ্রয়ণ প্রকল্পসংলগ্ন পুকুর থেকে ড্রেজিংয়ের মাধ্যমে মাটি ও বালু উত্তোলনের দায়ে মাসুদ (৩৫) ও তালেমান (২৩) নামে দুই ব্যক্তিকে এক লাখ টাকা করে জরিমানা করা হয়। জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে। মাসুদের বাড়ি ময়মনসিংহের তারাকান্দা এবং তালেমানের বাড়ি জামালপুরের দেওয়ানগঞ্জ এলাকায়।

উপজেলা প্রশাসন জানিয়েছে, পরিবেশ, কৃষিজমি ও জলাশয় রক্ষা এবং অবৈধভাবে মাটি-বালু উত্তোলন বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আরও পড়ুন