EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

মাদক দমনে প্রশাসনকে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ত্রাণমন্ত্রীর

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৭ পিএম

মাদক দমনে প্রশাসনকে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ত্রাণমন্ত্রীর

ছবি: দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু

অ অ

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, সীমান্তের ওপারে ফেনসিডিল ও বিভিন্ন মাদকের কারখানা রয়েছে। মাদক দমনে প্রশাসনকে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে লালমনিরহাট সদর উপজেলার খুনিয়াগাছ ইউনিয়নে নারীর সক্ষমতা বৃদ্ধি, খেলাধুলার মানোন্নয়ন, আলোকিত লালমনিরহাট গড়ার লক্ষ্যে সেলাই মেশিন, খেলাধুলার সামগ্রী ও ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, পার্শ্ববর্তী দেশ থেকে বাংলাদেশে মাদক পাচার একটি বড় ষড়যন্ত্রের অংশ। এর লক্ষ্য বাংলাদেশকে দুর্বল করা এবং দেশের মানুষকে মাদকাসক্ত করে তোলা।

দুর্যোগ ব্যবস্থাপনামন্ত্রী বলেন, মাদক, জুয়া ও অন্যান্য সামাজিক অপরাধের বিরুদ্ধে সবাইকে একযোগে কাজ করতে হবে। মাদকের কারণে বিভিন্ন বয়সী শিশুরাও আসক্ত হয়ে পড়ছে। তাদের সুস্থ জীবনে ফিরিয়ে আনতে অভিভাবক, সমাজ ও প্রশাসনের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।

ত্রাণমন্ত্রী বলেন, মাদকাসক্তদের চিকিৎসা ও পুনর্বাসনের জন্য অনেককেই নিরাময় কেন্দ্রে রাখা হচ্ছে। সম্প্রতি তিনি একটি নিরাময় কেন্দ্র পরিদর্শন করেছেন। সেখানে চিকিৎসাধীন শিশুদের সঙ্গে কথা বলে তাদের অবস্থার উন্নতি সম্পর্কে জানতে পেরেছেন।

সমাজকে সুন্দর করতে হলে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। মাদক, জুয়া ও বাল্যবিবাহ নির্মূলে সবাইকে এগিয়ে আসতে হবে বলেও মন্তব্য করেন ত্রাণমন্ত্রী।

বাল্যবিবাহ প্রতিরোধে নেওয়া বিভিন্ন উদ্যোগের কথা উল্লেখ করে তিনি বলেন, আলোকিত লালমনিরহাট কমিটি গঠনের পর গত এক মাসে এ এলাকায় একটি বাল্যবিবাহও হয়নি। এটি আমাদের জন্য একটি বড় অর্জন।

তিনি বলেন, গতকাল বিভিন্ন স্কুল- কলেজের শিক্ষকদের সঙ্গে দীর্ঘ সময় সভা করে বাল্যবিবাহ প্রতিরোধে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। অল্প বয়সী মেয়েদের বিয়ে না দেওয়া এবং অভিভাবকদের সচেতন করার জন্য শিক্ষকদের প্রতি আহ্বান জানানো হয়েছে।

মন্ত্রী বলেন, উপযুক্ত বয়সের আগে বিয়ে দিলে মেয়েরা সংসারজীবনের দায়িত্ব যথাযথভাবে বুঝতে পারে না। এতে পারিবারিক কলহ ও বিচ্ছেদের মতো ঘটনা ঘটতে পারে। তাই মেয়েদের লেখাপড়া চালিয়ে যেতে দিতে হবে। সরকার শিক্ষার জন্য বিভিন্ন সুযোগ- সুবিধা দিচ্ছে। এতে মেয়েরা উপকৃত হওয়ার পাশাপাশি অভিভাবকরাও সম্মানিত হবেন।

অনুষ্ঠানে বেকার নারীদের আত্মকর্মসংস্থানের লক্ষ্যে ১০টি সেলাই মেশিন বিতরণ করা হয়। এছাড়া অসহায় ও ছিন্নমূল চার শতাধিক পরিবারের মধ্যে চাল, ডাল, লবণ, চিনি, হলুদ ও মরিচের গুঁড়াসহ বিভিন্ন শুকনো খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

এছাড়া বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও শিক্ষার্থীদের হাতে প্রায় ১০০টি ফুটবল তুলে দেন মন্ত্রী।

অনুষ্ঠানে খুনিয়াগাছ ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক চেয়ারম্যান আব্দুল মালেকের সভাপতিত্বে , সদর উপজেলা নির্বাহী অফিসার মনোনীতা দাস, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আব্দুল মতিনসহ বিএনপির উচ্চপর্যায়ের নেতৃবৃন্দ এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন