ঠাকুরগাঁও-১ উপনির্বাচনেও পোস্টাল ভোটের সুযোগ থাকছে
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৬ পিএম
ছবি: সংগৃহীত
আসন্ন ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনেও পোস্টাল ভোটের সুযোগ থাকছে। এ আসনের চার শ্রেণির ভোটার ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে নিবন্ধন করে পোস্টাল ব্যালটে ভোট দিতে পারবেন।
নির্বাচন কমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২-এর (সর্বশেষ সংশোধন ২০২৫) বিধান অনুযায়ী, চার শ্রেণির ভোটার পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে পারবেন। তারা হলেন—বিদেশে বসবাসরত বাংলাদেশি ভোটার, নিজ নির্বাচনী এলাকার বাইরে চাকরিসূত্রে বা সরকারি দায়িত্বে থাকা ব্যক্তি, জেলখানায় বা আইনি হেফাজতে থাকা বন্দি এবং নিজ ভোটকেন্দ্রের বাইরে নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ব্যক্তিরা।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিবন্ধিত প্রবাসী ভোটারদের মধ্যে যাদের ক্ষেত্রে প্রযোজ্য, তাদের ই-মেইল, হোয়াটসঅ্যাপ অথবা ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে নোটিফিকেশন পাঠিয়ে উপনির্বাচনে ভোট দেওয়ার সম্মতি নিশ্চিত করা হবে। এরপর তাদের বর্তমান ঠিকানায় ব্যালট পাঠানো হবে।
এ ছাড়া বিদেশে বসবাসরত ঠাকুরগাঁও-১ আসনের যেকোনো ভোটার অ্যাপের মাধ্যমে নতুন করে নিবন্ধন করে পোস্টাল ভোটে অংশ নিতে পারবেন।
দেশের ভেতরে কর্মরত যেসব সরকারি কর্মকর্তা-কর্মচারী গত জাতীয় নির্বাচনে পোস্টাল ভোটের জন্য নিবন্ধিত হয়েছিলেন, তাদের এসএমএসের মাধ্যমে উপনির্বাচনে ভোট দেওয়ার সম্মতি নেওয়া হবে। এরপর হালনাগাদ বর্তমান ঠিকানায় ব্যালট পাঠানো হবে। যারা আগে নিবন্ধন করেননি, তারাও নতুন করে নিবন্ধন করে পোস্টাল ভোট দিতে পারবেন।
এ ছাড়া উপনির্বাচনে নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ব্যক্তিরাও ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে নিবন্ধন করে পোস্টাল ভোট দিতে পারবেন।
অন্যদিকে, জেলখানায় অন্তরীণ ভোটাররা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মতো একই প্রক্রিয়ায় কারা কর্তৃপক্ষের মাধ্যমে উপনির্বাচনে নিবন্ধন করে পোস্টাল ব্যালটে ভোট দিতে পারবেন।
