ফরিদপুরে চৌধুরী নায়াব ইউসুফের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প শনিবার
ডেইলি সান রিপোর্ট, ফরিদপুর
প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৩ পিএম
ছবি: সংগৃহীত
ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফের উদ্যোগে সর্বসাধারণের জন্য বিনামূল্যে মেডিকেল ক্যাম্প হতে যাচ্ছে। আগামী শনিবার (১২ সেপ্টেম্বর) ফরিদপুর শহরের হালিমা গার্লস স্কুল ও কলেজ প্রাঙ্গণে দিনব্যাপী এ চিকিৎসাসেবা দেওয়া হবে।
আয়োজক সূত্রে জানা গেছে, শনিবার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এ সেবা কার্যক্রম চলবে। ক্যাম্পে মেডিসিন, চক্ষু, নাক-কান-গলা, গাইনি ও ইউরোলজিসহ বিভিন্ন বিভাগের অভিজ্ঞ চিকিৎসকরা উপস্থিত থেকে রোগীদের পরামর্শ ও চিকিৎসাসেবা দেবেন।
ক্যাম্পে বিশেষজ্ঞ চিকিৎসকদের বিনামূল্যে পরামর্শের পাশাপাশি প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হবে। এ ছাড়া ডায়াবেটিস ও রক্তে শর্করা (ব্লাড সুগার) পরীক্ষা, বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়, চোখের সাধারণ পরীক্ষা, পাওয়ার পরীক্ষা, কালার ভিশন টেস্ট এবং ইসিজি সেবা দেওয়া হবে।
আয়োজক কমিটির পক্ষ থেকে ফরিদপুরের সর্বস্তরের মানুষকে নির্ধারিত সময়ে উপস্থিত হয়ে বিনামূল্যে চিকিৎসাসেবা গ্রহণের জন্য আহ্বান জানানো হয়েছে।
এ ধরনের মানবিক ও সামাজিক উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সদর-৩ আসনের সাধারণ মানুষ। তারা আশা করছেন, ভবিষ্যতেও এ ধরনের চিকিৎসাসেবা কার্যক্রম অব্যাহত থাকবে।