EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

সুন্দরবনে কোস্ট গার্ডের কাছে অস্ত্রসহ ১২ ডাকাতের আত্মসমর্পণ

গত ৩১ আগস্ট ৫টি বাহিনীর ৫৯ জন দস্যু র‌্যাবের কাছে আত্মসমর্পণ করেছিল

ডেইলি সান রিপোর্ট, বাগেরহাট

প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৪ পিএম

সুন্দরবনে কোস্ট গার্ডের কাছে অস্ত্রসহ ১২ ডাকাতের আত্মসমর্পণ

সুন্দরবনের ধানসিদ্ধির চরে কোস্ট গার্ডের কাছে অস্ত্র ও গোলাবারুদসহ আত্মসমর্পণ করে ‘নানা ভাই বাহিনী’র সদস্যরা।

অ অ

সুন্দরবনের কুখ্যাত ‘নানা ভাই বাহিনী’র প্রধান জাহাঙ্গীর মোড়লসহ ১২ সদস্য কোস্ট গার্ডের কাছে আত্মসমর্পণ করেছেন। গত মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিকাল ৬টার দিকে বাগেরহাটের মোংলা উপজেলার ধানসিদ্ধির চর এলাকায় তারা আত্মসমর্পণ করেন।

আজ বৃহস্পতিবার কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, কোস্ট গার্ডের ধারাবাহিক অভিযানের মুখে টিকতে না পেরে দস্যুরা আত্মসমর্পণ করছে। নদীপথে জেলে ও বাওয়ালীদের জিম্মি করে মুক্তিপণ আদায় করাই ছিল এই বাহিনীর প্রধান কাজ। আত্মসমর্পণকারী অন্য সদস্যরা হলেন—সাইফুল্লাহ, এখলাছুর, রবিউল, মফিজুল, আজিম, আব্দুর রহমান, শফিকুল, মিন্টু, আজিজুল, শাহজাহান ও আজিজুর। তাদের সবার বাড়ি বাগেরহাট, খুলনা ও সাতক্ষীরা জেলায়।

এ সময় ডাকাতদের কাছ থেকে ১৩টি দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র, ৪৬১ রাউন্ড তাজা গোলা ও কার্তুজ, ২৯ রাউন্ড ফাঁকা কার্তুজ, ৬টি ম্যাগজিন এবং চার্জারসহ ৬টি ওয়াকিটকি উদ্ধার করা হয়। আত্মসমর্পণকারীদের পুনর্বাসন ও জব্দ অস্ত্রের বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

কোস্ট গার্ড আরও জানায়, ‘অপারেশন রিস্টোর পিস’ ও ‘অপারেশন ম্যানগ্রোভ শিল্ড’ নামে দু’টি বিশেষ অভিযানে এ পর্যন্ত ২৯ জন বনদস্যু আটক ও ৪২ জন জেলে উদ্ধার হয়েছেন। সুন্দরবনকে দস্যুমুক্ত করতে সবাইকে স্বাভাবিক জীবনে ফেরার আহ্বান জানানো হয়েছে। উল্লেখ্য, গত ৩১ আগস্ট ৫টি বাহিনীর ৫৯ জন দস্যু র‌্যাবের কাছে আত্মসমর্পণ করেছিল।


আরও পড়ুন