মিরপুর রোডে বর্জ্য স্তুপ সরাতে ডিএনসিসিকে আইনি নোটিশ
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫২ পিএম
ছবি: সংগৃহীত
রাজধানীর মিরপুর-১ থেকে টেকনিক্যাল পর্যন্ত প্রধান সড়ক ও ফুটপাত থেকে বর্জ্যের স্তুপ সরিয়ে জনস্বাস্থ্য ও পরিবেশ সুরক্ষা এবং পথচারীদের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে ঢাকা উত্তর সিটি করপোরেশনকে (ডিএনসিসি) আইনি নোটিশ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) ডিএনসিসির মেয়র, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা, অঞ্চল-২-এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও সংশ্লিষ্ট বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তাকে এ নোটিশ দেন বিইউবিটি লইয়ার্স অ্যাসোসিয়েশনের (বুলা) সাধারণ সম্পাদক ও মানবাধিকারকর্মী অ্যাডভোকেট এইচ এম রাশিদুল ইসলাম (রাশেদ)।
নোটিশে বলা হয়েছে, মিরপুর-১ থেকে টেকনিক্যাল পর্যন্ত মিরপুর রোডের বিভিন্ন স্থানে প্রধান সড়ক ও ফুটপাতের ওপর বর্জ্য লোডিং-আনলোডিং এবং স্তুপীকরণ করা হচ্ছে। এতে ফুটপাত ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে এবং পথচারীদের নিরাপদ চলাচল ব্যাহত হচ্ছে।
বর্জ্যের কারণে দুর্গন্ধ, অস্বাস্থ্যকর পরিবেশ, পরিবেশদূষণ, যানজট ও জননিরাপত্তার ঝুঁকি তৈরি হচ্ছে বলেও নোটিশে উল্লেখ করা হয়। তাই অবিলম্বে সড়ক ও ফুটপাতের ওপর স্তুপীকৃত সব বর্জ্য অপসারণ করে স্থানগুলো পরিষ্কার ও চলাচলযোগ্য করার দাবি জানানো হয়েছে।
একই সঙ্গে সড়ক ও ফুটপাতকে বর্জ্য স্তুপীকরণ, সংগ্রহ, লোডিং-আনলোডিং বা অস্থায়ী সংরক্ষণের স্থান হিসেবে ব্যবহার বন্ধের দাবি জানানো হয়েছে। পথচারীদের জন্য ফুটপাতের পূর্ণ ব্যবহার নিশ্চিত করতে বর্জ্য সংগ্রহ, লোডিং, আনলোডিং ও পরিবহনে ডিএনসিসির অনুমোদিত বা নির্ধারিত স্থান ও পদ্ধতি অনুসরণের কথাও বলা হয়েছে।
নোটিশে অঞ্চল-২-এর সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিয়মিত মাঠপর্যায়ে পরিদর্শন ও তদারকির দাবি জানানো হয়েছে। পাশাপাশি পুনরায় সড়ক বা ফুটপাতে বর্জ্য স্তুপ করা হলে দায়ী ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়।
অ্যাডভোকেট এইচ এম রাশিদুল ইসলাম বলেন, প্রধানমন্ত্রী যেখানে পরিচ্ছন্ন ঢাকা গড়তে বদ্ধপরিকর, সেখানে সড়কের ওপর ময়লা-আবর্জনা পড়ে থাকা অত্যন্ত দুঃখজনক। দ্রুত এসব বর্জ্য অপসারণ করে পরিবেশ সুরক্ষা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান তিনি।
নোটিশে বলা হয়েছে, দাবিগুলো বাস্তবায়ন না হলে প্রচলিত আইন অনুযায়ী যথাযথ কর্তৃপক্ষ বা আদালতের কাছে প্রয়োজনীয় আইনগত প্রতিকার চাওয়া হবে।
