আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক আধুনিকায়নে মতবিনিময় সভা
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৭ পিএম
ছবি: সংগৃহীত
আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংককে আরও আধুনিক, দক্ষ, ডিজিটাল ও জনবান্ধব প্রতিষ্ঠানে রূপান্তরের লক্ষ্যে সংস্কার ও অগ্রগতি নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৯ সেপ্টেম্বর) বাংলাদেশ সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সঙ্গে ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্যদের এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেক। সভায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক এবং ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ ব্যাংকের পক্ষে প্রতিনিধিত্ব করেন।
সভায় ব্যাংকের সার্বিক কার্যক্রম, বর্তমান অবস্থা, সাম্প্রতিক অগ্রগতি, বিদ্যমান চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরে একটি বিস্তারিত উপস্থাপনা দেওয়া হয়। ব্যাংকের কার্যক্রম আরও গতিশীল, আধুনিক ও প্রযুক্তিনির্ভর করার বিভিন্ন দিক নিয়েও আলোচনা হয়।
আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেক ব্যাংকের বিদ্যমান চ্যালেঞ্জ চিহ্নিত করে তা সমাধানে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। তিনি ব্যাংকের সাম্প্রতিক অগ্রগতি ধরে রাখার পাশাপাশি সম্ভাবনাময় ও উৎপাদনশীল খাতে বিনিয়োগ বাড়ানোর ওপর গুরুত্ব দেন। এর মাধ্যমে আনসার-ভিডিপি পরিবারের সদস্যদের কর্মসংস্থান ও আর্থিক উন্নয়নের সুযোগ বাড়ানোর আহ্বান জানান তিনি।
সভায় ব্যাংকের শূন্য পদে দ্রুত জনবল নিয়োগ, দক্ষ জনবলের সর্বোচ্চ ব্যবহার, পরিশোধিত মূলধন বৃদ্ধি, প্রবিধানমালা আধুনিকায়ন এবং জবাবদিহি ও সুশাসন নিশ্চিত করার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।
এ ছাড়া ২০২৩-২৪ অর্থবছরে ব্যাংকের লোকসানের কারণ নিরূপণ, অবলোপনকৃত ঋণ আদায়ে কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং ঋণ ব্যবস্থাপনা আরও শক্তিশালী করার বিষয়ে দিকনির্দেশনা দেওয়া হয়। ২০২৯ সালের মধ্যে এইচআর অটোমেশন ও ইআরপি বাস্তবায়নের মাধ্যমে কর্মী-সংক্রান্ত সেবা আরও দ্রুত ও স্বচ্ছ করার ওপরও গুরুত্ব দেওয়া হয়।
সভায় আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংককে আধুনিক, প্রযুক্তিনির্ভর ও সুশাসনভিত্তিক আর্থিক প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করা হয়। সভায় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মীর মোফাজ্জল হোসেনসহ পরিচালনা পর্ষদের সদস্য ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
