আর্মি মেডিকেল ও ডেন্টাল কোরের অধিনায়ক সম্মেলন অনুষ্ঠিত
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৭ পিএম
ছবি: সংগৃহীত
আর্মি মেডিকেল কোর ও আর্মি ডেন্টাল কোরের বাৎসরিক অধিনায়ক সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) শহীদ সালাহউদ্দিন সেনানিবাসে আর্মি মেডিকেল কোর সেন্টার অ্যান্ড স্কুলে (এএমসিসিএন্ডএস) এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
সম্মেলনে আর্মি মেডিকেল কোর ও আর্মি ডেন্টাল কোরের অধিনায়ক এবং অন্যান্য কর্মকর্তাদের উদ্দেশে বক্তব্য দেন সেনাবাহিনী প্রধান। তিনি দুই কোরের প্রযুক্তিগত উন্নয়ন, গবেষণা, পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং ভবিষ্যৎ পরিকল্পনাসহ বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন।
সেনাবাহিনী প্রধান বলেন, আর্মি মেডিকেল কোর ও আর্মি ডেন্টাল কোরের রয়েছে গৌরবোজ্জ্বল ঐতিহ্য। তিনি চিকিৎসাসেবায় এই দুই কোরের বিভিন্ন কর্মকাণ্ড ও অবদানের প্রশংসা করেন।
তিনি সততা, সত্যনিষ্ঠা ও কর্তব্যবোধ নিয়ে সেবামূলক কার্যক্রমের মাধ্যমে আর্মি মেডিকেল কোর ও আর্মি ডেন্টাল কোরের প্রশংসনীয় ভূমিকা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন।
অনুষ্ঠানে মহাপরিচালক, সামরিক চিকিৎসা সার্ভিস মহাপরিদপ্তর; ভারপ্রাপ্ত জিওসি, আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ড; সেনাবাহিনীর অ্যাডজুটেন্ট জেনারেল; জিওসি, ১৯ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, ঘাটাইল এরিয়াসহ ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এ ছাড়া সংশ্লিষ্ট দুই কোরের অধিনায়ক, কর্মকর্তা ও বিভিন্ন পর্যায়ের সদস্যরা সম্মেলনে অংশ নেন।
