দেশের জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তর করতে হবে: স্পিকার
সংসদে জনমিতিক লভ্যাংশ নিয়ে নীতি সংলাপে নীতি বাস্তবায়নে জোর দিলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।
ডেইলি সান রিপোর্ট
প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৮ পিএম
জাতীয় সংসদের শপথকক্ষে পলিসি ডায়ালগে বক্তব্য দিচ্ছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম এমপি।
জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম এমপি বলেছেন, একটি দেশের সবচেয়ে বড় সম্পদ তার জনসংখ্যা। এই জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তর করতে হবে। জনমিতিক লভ্যাংশের সুযোগ কাজে লাগাতে হবে।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) জাতীয় সংসদের শপথকক্ষে এক পলিসি ডায়ালগে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জাতিসংঘ জনসংখ্যা তহবিল (ইউএনএফপিএ)-এর কারিগরি সহায়তায় এসপিসিপিডি প্রকল্পের আওতায় জাতীয় সংসদ সচিবালয় এই অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানের বিষয় ছিল, “Three Dividends, One Window: A Parliamentary Dialogue on Population and Development in Bangladesh”।
স্পিকার বলেন, উন্নয়ন শুধু অর্থের পরিবর্তন নয়। মানুষের জীবনমানের পরিবর্তনের মাধ্যমেই প্রকৃত উন্নয়ন নিশ্চিত করতে হবে। জনমিতিক লভ্যাংশ, জেন্ডার লভ্যাংশ ও দীর্ঘায়ু লভ্যাংশ—এই তিনটি একে অপরের সঙ্গে সম্পর্কিত। এই লভ্যাংশ কাজে লাগাতে নীতিগত পরিকল্পনা বাস্তবায়ন করতে হবে। শুধু নীতি প্রণয়ন করলেই হবে না। এর সঙ্গে আইন প্রণয়ন ও সংস্কার, বাজেটের কার্যকর ব্যবহার এবং জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। সংসদ-সদস্যদের নিজ নিজ এলাকায় এই নীতি প্রয়োগ ও বাস্তবায়ন করতে হবে। নারীদের শিক্ষার সুযোগ, প্রবীণদের স্বাস্থ্যসেবা এবং তরুণদের কর্মসংস্থান নিশ্চিত করতে হবে বলেও তিনি মন্তব্য করেন।