সামাজিক অবক্ষয় রোধে সাইবার সুরক্ষা আইনের প্রয়োজন: শামা ওবায়েদ
ডেইলি সান রিপোর্ট
প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৫ পিএম
ছবি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ জানিয়েছেন, ইন্টারনেট ও সামাজিক মাধ্যমের অপব্যবহার, নারীর প্রতি সহিংসতা, অশ্লীল ভাষার ব্যবহার, বুলিং ও সামাজিক অবক্ষয় রোধে একটি যুগোপযোগী সাইবার সুরক্ষা আইন প্রণয়ন করা হবে।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সচিবালয়ে সাইবার সুরক্ষা আইন প্রণয়নের লক্ষ্যে গঠিত কমিটির সভার শুরুতে তিনি এ কথা বলেন।
শামা ওবায়েদ বলেন, সাইবার জগৎ ও সামাজিক মাধ্যমে বর্তমানে যে ধরনের কর্মকাণ্ড হচ্ছে, সেখান থেকে দেশের জনগণকে সুরক্ষা দিতে সাইবার সুরক্ষা আইনের প্রয়োজন রয়েছে। তবে সেই আইন হতে হবে যুগোপযোগী এবং মানুষের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করার উপযোগী।
তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে তথ্য ও প্রযুক্তি, পররাষ্ট্র, স্বরাষ্ট্র, তথ্য এবং আইন মন্ত্রণালয়ের সমন্বয়ে একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটির মূল লক্ষ্য হচ্ছে সংশ্লিষ্ট সব পক্ষের মতামত নিয়ে একটি সঠিক ও কার্যকর সাইবার সুরক্ষা আইন প্রণয়ন করা।
সামাজিক মাধ্যমে নারীর প্রতি সহিংসতা, অশ্লীল ভাষার ব্যবহার এবং বুলিংয়ের প্রসঙ্গ তুলে ধরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, এসব কর্মকাণ্ড শুধু ব্যক্তিকে ক্ষতিগ্রস্ত করছে না, সমাজকেও অবক্ষয়ের দিকে নিয়ে যাচ্ছে। এর ফলে সামাজিক মূল্যবোধ নষ্ট হওয়ার পাশাপাশি দেশও বিপর্যয়ের দিকে যেতে পারে।