রশি টেনে ইলিশের ওজনে কারচুপি, ব্যবসায়ীকে লাখ টাকা জরিমানা
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১১ পিএম
ব্রাহ্মণবাড়িয়ার আনন্দবাজারে ওজনযন্ত্রে কারচুপি করে ইলিশ মাছ বিক্রির অভিযোগে এক ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। বুধবার দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয় অভিযান চালিয়ে এ জরিমানা করে।
অভিযানে দেখা যায়, মেসার্স সিয়াম মিয়া নামের একটি ইলিশ মাছের দোকানের ওজনযন্ত্রে বিশেষ কৌশলে কারচুপি করা হয়েছে। যন্ত্রটির সঙ্গে রাবার ও রশি যুক্ত করা ছিল। রশিটির অপর প্রান্ত গামছার আড়ালে বিক্রেতার হাতের কাছে রাখা হয়েছিল।
রশিটি টেনে বা ঢিলে করে ইচ্ছেমতো ওজন নিয়ন্ত্রণ করা যেত। ফলে ক্রেতা বুঝতে না পারলেও যন্ত্রে দেখানো ওজনের চেয়ে কম পরিমাণ মাছ দেওয়া সম্ভব ছিল।
অভিযানের সময় কারচুপির কাজে ব্যবহৃত রশি, রাবারসহ ওজনযন্ত্রটি জব্দ করা হয়। দোকানের বিক্রেতা আপেল মাহমুদ কারচুপির বিষয়টি স্বীকার করেন। ভবিষ্যতে এ ধরনের কাজ করবেন না বলেও তিনি অঙ্গীকার করেন।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী আপেল মাহমুদকে ১ লাখ টাকা জরিমানা করা হয়। ঘটনাস্থলেই জরিমানার অর্থ আদায় করা হয়েছে।
একই অপরাধ আবার করলে প্রতিষ্ঠানের বিরুদ্ধে সর্বোচ্চ কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে তাকে চূড়ান্তভাবে সতর্ক করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ব্রাহ্মণবাড়িয়া জেলা কার্যালয় জানিয়েছে, জনস্বার্থে এবং পরিমাপে সঠিকতা নিশ্চিত করতে জেলার বিভিন্ন বাজারে এ ধরনের তদারকি অভিযান অব্যাহত থাকবে।