EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

নবীনগরে হেফজখানার শিশুকে বেধড়ক মারধর, শিক্ষক আটক

মারধরে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ১১ বছরের শিক্ষার্থী

ডেইলি সান রিপোর্ট, ব্রাহ্মণবাড়িয়া

প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১২ পিএম

নবীনগরে হেফজখানার শিশুকে বেধড়ক মারধর, শিক্ষক আটক
অ অ

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে নিয়মিত মাদ্রাসায় না যাওয়ায় আব্দুল্লাহ (১১) নামে হেফজ খানার এক শিশু শিক্ষার্থীকে বেধড়ক মারধর করা হয়েছে। 

বুধবার (৯ সেপ্টেম্বর) সকালে উপজেলার কৃষ্ণনগর আশরাফুল উলুম হাফিজিয়া মাদ্রাসায় এ ঘটনা ঘটে।

ঘটনার পর পর স্থানীয় লোকজন ওই মাদ্রাসার শিক্ষক মুফতি ইব্রাহিম বিন মুজিবকে আটক করে। অভিযুক্ত শিক্ষক মুফতি ইব্রাহিম সম্পর্কে আব্দুল্লাহর খালু হন।

পরে খবর পেয়ে নবীনগর থানা পুলিশ ওই শিক্ষককে নিজেদের হেফাজতে থানায় নিয়ে যায়। এছাড়া আহত শিক্ষার্থী আব্দুল্লাহকে চিকিৎসার জন্য স্থানীয় একটি হাসপাতালে পাঠায়।

সে জেলার সদর উপজেলার সাদেকপুর ইউনিয়নের মৃত রুমান মিয়ার ছেলে। এ ঘটনার ছবি ও ভিডিও ছড়িয়ে পড়লে এলাকায় তীব্র নিন্দা ও ক্ষোভের সৃষ্টি হয়।

পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, প্রায় দুই বছর আগে আব্দুল্লাহকে কৃষ্ণনগর আশরাফুল উলুম হাফিজিয়া মাদ্রাসায় ভর্তি করে তার পরিবার। এরপর থেকে সে প্রায়ই কাউকে না বলে বাড়িতে চলে যেত। গত বৃহস্পতিবারও সে একইভাবে বাড়িতে চলে যায়। এরপর আব্দুল্লাহর মা আফরোজা বেগম শিক্ষক মুফতি ইব্রাহিমকে বাড়িতে ডেকে আব্দুল্লাহকে নিয়ে যেতে বলেন।

আজ সকালে শিক্ষক আব্দুল্লাহকে মাদ্রাসায় নিয়ে যান। সেখানে তাকে বেধড়ক পিটিয়ে আহত করা হয়। বিষয়টি টের পেয়ে স্থানীয় লোকজন শিক্ষার্থীকে উদ্ধার করেন। একই সঙ্গে তারা শিক্ষককে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন।

নবীনগর থানার পরিদর্শক (তদন্ত) রাজীব কান্তি নাথ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই শিক্ষককে উত্তেজিত জনতার কাছ থেকে হেফাজতে নিয়ে আসে। শিক্ষার্থীকে নির্যাতনের ঘটনায় লিখিত অভিযোগ স্বাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন