EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

বজ্রপাতে বিদ্যুৎমন্ত্রীর বাসভবনের গ্যাসলাইনে আগুন

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৭ পিএম

বজ্রপাতে বিদ্যুৎমন্ত্রীর বাসভবনের গ্যাসলাইনে আগুন

ছবি সংগৃহীত

অ অ

সিরাজগঞ্জে বজ্রপাতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর বাসভবনের গ্যাসলাইনে আগুন লাগার ঘটনা ঘটেছে। বুধবার দুপুর সোয়া ১টার দিকে সিরাজগঞ্জ পৌর শহরের হোসেনপুর আল-মাহমুদ সড়কে এ ঘটনা ঘটে। একই সময়ে পাশের আরও দুটি ভবনের গ্যাসলাইনেও আগুন লাগে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কেউ হতাহত হননি। তবে কিছুটা ক্ষয়ক্ষতি হয়েছে।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ দুপুরে সিরাজগঞ্জ পৌর শহরে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছিল। এ সময় কয়েক দফা বিকট শব্দে বজ্রপাত হয়। দুপুর সোয়া ১টার দিকে হোসেনপুর আল-মাহমুদ সড়কে মন্ত্রীর বাসভবনের গ্যাসলাইনে আগুন ধরে যায়।

বাসভবনের প্রধান ফটকের ডান পাশে দেয়াল ঘেঁষে প্রায় ১০ ফুট ভেতরে গ্যাসলাইনের রাইজার ছিল। আগুনে সেটি পুড়ে যায়।

বাসভবনের নিরাপত্তাপ্রহরী জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

সিরাজগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কার্যালয়ের উপসহকারী পরিচালক মোহাম্মদ আবদুর রহমান জানান, মন্ত্রীর বাসভবনের পাশাপাশি হোসেনপুর বাগানবাড়ি এলাকার আরও দুটি ভবনে বজ্রপাতের কারণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয় লোকজনের কাছ থেকে খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে যায়। পরে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এতে কিছুটা ক্ষয়ক্ষতি হলেও কেউ হতাহত হননি।

আরও পড়ুন